নজরবন্দি ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, রূপশ্রী সহ আরও একাধিক। আর এই প্রকল্পের সুবিধা গুলি সাধারণ মানুষ যাতে সহজে পেতে পারে তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছেন। এই ক্যাম্পের জন্য অনেকের কাছেই সুবিধা সহজলভ্য হয়েছে। সাধারণ মানুষ প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারছেন সহজে। চলতি মাসে ফের দুয়ারে সরকার চালু হচ্ছে। কবে থেকে বসছে ক্যাম্প? জেনে নিন।
আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম সকালে চড়া রোদ, ঘূর্ণিঝড়ের জেরে শীত বঞ্চিত বাংলা


বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৫ ডিসেম্বর রাজ্যে ফের শুরু হবে দুয়ারে সরকার। পাশাপাশি নির্দেশ দেন, এখনও পর্যন্ত যা যা কাজ বাকি রয়েছে সেই সব কাজের টেন্ডার করে জমা দিতে হবে। কেন্দ্রীয় প্রকল্পের কোনও কাজ যাতে বাকি না থাকে সেইদিকটিও দেখতে হবে বলে জানান তিনি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত পঞ্চদশ কমিশনের অনেক টাকা বিভিন্ন জেলায় খরচ করা হয়নি। দুয়ারে সরকার চালু হওয়ার আগেই সেই টাকা খাতে খরচ করতে হবে বলে নির্দেশ মুখ্যসচিবের।

আগামী বছর লোকসভা নির্বাচন। নতুন বছরের শুরতেই নির্বাচন ঘিরে প্রস্তুতির গতিপ্রকৃতি বাড়বে। তার আগে বাংলায় ফের দুয়ারে সরকার চালু হচ্ছে। মুখ্যসচিবের নির্দেশ, দুয়ারে সরকারে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি ভোটের আগেই সেরে ফেলতে হবে।



গত বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক করে তৃতীয় বার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ময়দানে নেমে সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার শিবির চালু করেন। রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে এই দুয়ারে সরকারে আবেদন করা যাবে।
চলতি মাসেই বসছে দুয়ারে সরকার ক্যাম্প, কবে থেকে পরিষেবা পাবে রাজ্যবাসী?

আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চালু থাকবে। এই দিনগুলির মধ্যে প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন। এবারে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হচ্ছে।







