নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্যের মন্ত্রী। কিন্তু সেই মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ Kunal Ghosh: মুষ্টিমেয়র জন্য মানুষের ক্ষতি হলে দল দায়ী নয়, জানালেন কুণাল ঘোষ
আদালত সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলার নির্দেশ দেয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। কিন্তু সাড়ে তিনটে নাগাদ সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিকেল সাড়ে চারটে নাগাদ মামলার শুনানি শুরু হয়। কিন্তু তখনও মামলা দায়ের হয়নি। তাই মামলার নির্দেশ দিতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ।

এরপর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বলেন, গোটা প্রক্রিয়ায় সহযোগীতা করতে রাজি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাঁকে গ্রেফতার যেন না করা হয়, সেবিষয়ে আদালত পদক্ষেপ নিক। কিন্তু আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় যেহেতু মামলা গ্রহণ করা হয়নি তাই এভাবে মৌখিকভাবে কিছু জানাতে পারবেন না তাঁরা।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখ্যোপাধ্যায়েরডিভিশন বেঞ্চের রায়ের এসএসসির সমস্ত নিয়োগ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ উঠে যায়। এরপরেই বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না হলে হেফাজতে নেওয়ার কথা জানায় আদালত। সিবিআই হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়াল ডিভিশন বেঞ্চে। কিন্তু সেখানেও বর ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বড় বিপদ

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, যেহেতু ডিভিশন বেঞ্চে সুরাহা হয়নি তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ জারি থাকল। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ সন্ধ্যে ৬ টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার যে নির্দেশ দিয়েছিল তা বহাল থাকল। নাহলে তাঁকে হেফাজতে নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। যদি তা পালন না হয় তাহলে তা আদালত অবমাননা হবে।



