নজরবন্দি ব্যুরো: দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে, ফের রাজ্য সরকারকে কটাক্ষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের বিশেষ করে বাঙালিদের দেশে ফেরানোর প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ ভারতের প্রতি প্রথম পদক্ষেপ তালিবান ২.০’র, বন্ধ হল আমদানি-রপ্তানি


বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করে তিনি বলেন, “আফগানিস্তানে যাঁরা আটকে রয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে সচেষ্ট কেন্দ্র সরকার। মোদীজি ঠিক সকলকে ফিরিয়ে আনবেন। আবারও বলছি, মোদীর উপর ভরসা করুন। দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে।”
দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে, কার্যত বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অনেকের মতে, এই ধরনের মন্তব্য বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অত্যন্ত স্পর্শকাতর। সেখানে ব্যক্তিক রাজনীতিকে গুরুত্ব না দিয়ে সরকারের উচিত এই কঠিন অবস্থার মোকাবিলা করা। অন্যদিকে তালিবান ত্রাসে কাঁপছে আফগানিস্তান। সেদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্য়োগী ভারত সরকার।
ইতিমধ্যেই চালু করা হয়েছে ই-ভিসা। যাতে ফাস্ট ট্র্যাকের ভিত্তিতে আটকে পড়া নাগরিকদের ভিসা দ্রুত মঞ্জুর হয়। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা বিচার করেই এই ভিসা চালু করা হয়েছে। অন্যদিকে, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার অন্তত ২০০ জন মানুষ এখনও আটকে রয়েছেন আফগানিস্তানে। মূলত দার্জিলিং, তরাই এবং কালিম্পঙের বাসিন্দা তাঁরা।


দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে, মমতাকে কটাক্ষ দিলীপের
রাজ্যের মুখ্যসচিব একটি চিঠি লিখছেন বিদেশ মন্ত্রকে। আটকে থাকা বঙ্গবাসীদের ফিরিয়ে আনার যাতে দ্রুত বন্দোবস্ত করা হয়, সেই মর্মে এই চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আমার মনে হয় এই সময় বিষয়টি নিয়ে মুখ না খুলে বিদেশ মন্ত্রকের বিবৃতির উপরই নজর দেওয়া উচিত। আপাতত আমাদের পরিস্থিতির উপর নজর রাখতে হবে। এবং যা করার ভারত সরকারকেই করতে হবে।”







