মুক্তির ন’দিনেই ৩০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল রণবীরের ছবি

‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, ‘স্ত্রী ২’-এর নজির ছাপিয়ে গেল আদিত্য ধরের ছবি, বিশ্বব্যাপী আয় ৪৪৫ কোটির বেশি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল পরিচালক আদিত্য ধরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করে নেয় এই ছবি। সময়ের সঙ্গে সেই গতি আরও বেড়েছে। ছবিমুক্তির নবম দিনেই ভারতীয় বাজারে ৩০০ কোটির সীমা ছাড়িয়েছে ‘ধুরন্ধর’। বিশ্বব্যাপী মোট সংগ্রহ পৌঁছেছে প্রায় ৪৪৫.২৫ কোটি টাকা

তিন ঘণ্টারও বেশি দৈর্ঘ্যের ছবি হওয়া সত্ত্বেও দর্শকের আগ্রহে কোনও ভাটা পড়েনি। বরং সময় বের করেই প্রেক্ষাগৃহমুখী হচ্ছেন সিনেমাপ্রেমীরা। শুধুমাত্র ১৩ ডিসেম্বরেই ভারতে ৫৩ কোটি টাকা ব্যবসা করেছে এই ছবি। তার আগের দিন, অর্থাৎ ১২ ডিসেম্বর, ছবির সংগ্রহ ছিল ৩২ কোটি টাকা। সপ্তাহান্তে আরও জোরালো হয়েছে ছবির বক্স অফিস গতি।

এতটাই নজরকাড়া এই সাফল্য যে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ একে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “‘ধুরন্ধর’ নতুন দৃষ্টান্ত তৈরি করল।” তাঁর দাবি অনুযায়ী, দ্বিতীয় শনিবারের সংগ্রহের নিরিখে একাধিক সাম্প্রতিক ব্লকবাস্টারকেও ছাপিয়ে গিয়েছে এই ছবি।

মুক্তির ন’দিনেই ৩০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল রণবীরের ছবি
মুক্তির ন’দিনেই ৩০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল রণবীরের ছবি

তথ্য অনুযায়ী, ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণ দ্বিতীয় শনিবারে আয় করেছিল ৪৬.৫০ কোটি টাকা। ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’র সেই দিনের সংগ্রহ ছিল ৪৪.১০ কোটি টাকা। সেখানে ‘স্ত্রী ২’ পেয়েছিল ৩৩.৮০ কোটি, আর ‘অ্যানিম্যাল’-এর আয় ছিল ৩২.৪৭ কোটি টাকা। এই তালিকায় ‘ধুরন্ধর’ অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে মোট ব্যবসার নিরিখেও বহু সফল ছবির রেকর্ড ভেঙে দিতে পারে ‘ধুরন্ধর’। রণবীর সিংহের কেরিয়ারের দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর অভিনীত ‘সিম্বা’ ছবিটি বক্স অফিসে আয় করেছিল ২৪০.৩০ কোটি টাকা। সেই নজির ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ‘ধুরন্ধর’।

এমনকি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবৎ’, যার বক্স অফিস সংগ্রহ ছিল প্রায় ৪০০ কোটি টাকা, সেই রেকর্ডও ছুঁয়ে ফেলতে পারে এই ছবি—এমনটাই আশা অনুরাগী ও বাণিজ্য বিশেষজ্ঞদের।

সব মিলিয়ে মুক্তির এক সপ্তাহ পেরোতেই ‘ধুরন্ধর’ যে ২০২৫ সালের বক্স অফিসের অন্যতম বড় চমক হয়ে উঠেছে, তা বলাই যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর