রূপকথার গল্প যেন বাস্তবে ধরা দিল আবারও। জন্মের পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক শিশুকন্যা আজ বলিউডের অন্যতম তারকা পরিবারের সদস্য। সেই কন্যাই এখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। অভিনেতা মিঠুন-স্ত্রী যোগিতার দত্তক কন্যা দিশানি সম্প্রতি প্রেমিক মাইলস-এর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। সেই সুখবর নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজেদের যৌথ পোস্টে দিশানি এবং মাইলস বাগদানের একাধিক ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, মাইলস হাঁটু গেড়ে বসে দিশানিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। অন্য একটি ছবিতে আঙুলের ঝলমলে হীরের আংটি দেখাতে দেখা যায় দিশানিকে। শেষ ছবিতে ধরা পড়েছে এই যুগলের আবেগঘন মুহূর্ত।
ছবির সঙ্গে দিশানি লিখেছেন, “0৬.১২.২০২৬ … আমার জানা সবচেয়ে সহজ ‘চিরকাল’।” সেই পোস্ট থেকেই স্পষ্ট, আগামী ৬ ডিসেম্বর ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। দিশানির দাদা মিমোও ভালোবাসার ইমোজি দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
দিশানির হবু স্বামী মাইলস ম্যান্টজারিস পেশায় একজন আমেরিকান সিনেমাটোগ্রাফার, স্টেডিক্যাম অপারেটর এবং কালারিস্ট। বিনোদন জগতে তিনি স্বাধীন পরিচালক হিসেবেও কাজ করেন। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এবং ডিজিটাল কনটেন্ট নির্মাণে তাঁর অভিজ্ঞতা রয়েছে। ক্যামেরা মুভমেন্ট এবং ভিজ্যুয়াল স্টাইলিংয়ের জন্য তিনি পরিচিত।
চলচ্চিত্র জগতেও মাইলসের কাজ নজর কেড়েছে। বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং স্বাধীন প্রজেক্টে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। ধীরে ধীরে হলিউডের টেকনিক্যাল ক্ষেত্রেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।
দিশানির জীবনকাহিনি নিজেই এক অনুপ্রেরণার গল্প। নবজাতক অবস্থায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটিকে দত্তক নেন মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি। এরপর পরিবারের অন্য সন্তানদের মতোই সমান ভালোবাসা ও যত্নে বড় হয়ে ওঠেন তিনি। ভাই নমশি এবং উষ্মের সঙ্গে তাঁর সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ।
ভারতে পড়াশোনা শেষ করার পর অভিনয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন দিশানি। তিনি অ্যাঞ্জেলেসের নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ নেন। ২০১৭ সালে ‘গিফট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন।
সোশ্যাল মিডিয়াতেও দিশানির জনপ্রিয়তা কম নয়। নিজের ফ্যাশন সেন্স, গ্ল্যামারাস লুক এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের জন্য তিনি নিয়মিত আলোচনায় থাকেন। এবার বাগদানের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া।
ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া এক নবজাতকের আজকের এই সাফল্যের গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আর আগামী ডিসেম্বরে বিয়ের ঘণ্টা বাজার অপেক্ষায় এখন চক্রবর্তী পরিবার ও দিশানির অনুরাগীরা।



