দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত। ভগবান রাম, লক্ষ্মণ এবং রামায়ণ সম্পর্কে তাঁর কথিত মন্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তিরুপতির আদালতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।
সোমবার তিরুপতির অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালতে মামলাটি দায়ের করেন বিজেপি নেতা এবং ‘তিরুমালা তিরুপতি দেভাসথানামস’ (টিটিডি) ট্রাস্ট বোর্ডের সদস্য জি. ভানুপ্রকাশ রেড্ডি। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন জনসভা এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ রাজ এমন কিছু মন্তব্য করেছেন, যা হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
অভিযোগকারীর দাবি, কেরালা লিটারেচার ফেস্টিভ্যাল-সহ একাধিক অনুষ্ঠানে প্রকাশ রাজ ভগবান রাম ও লক্ষ্মণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই বক্তব্যে রামায়ণের কিছু প্রসঙ্গ এমনভাবে তুলে ধরা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে বলে অভিযোগ।
ভানুপ্রকাশ রেড্ডি আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, গত ১৭ এপ্রিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে তিনি ওই মন্তব্য সম্পর্কে জানতে পারেন। অভিযোগ অনুযায়ী, ভিডিওটিতে রামায়ণ, ভগবান রাম এবং লক্ষ্মণকে নিয়ে অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্য রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারী আরও বলেন, ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হিন্দু সমাজের একটি অংশের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়। তাঁর মতে, এই ধরনের মন্তব্য ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, প্রকাশ রাজের বক্তব্য ‘আর্য-দ্রাবিড়’ বিতর্ককে নতুন করে উসকে দিতে পারে। অভিযোগকারীর দাবি, এ ধরনের মন্তব্য দেশের সাংস্কৃতিক ঐক্য এবং সামাজিক সৌহার্দ্যের পরিপন্থী।
আদালতের কাছে আবেদন জানিয়ে অভিযোগকারী তদন্তের নির্দেশ এবং প্রয়োজন হলে প্রকাশ রাজের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। আদালত এই মামলায় কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের।



