প্রায় আট বছর পর ফের আলোচনায় বলিউড অভিনেত্রী শ্রীদেবীর রহস্যমৃত্যু। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয়েছিল তাঁর নিথর দেহ। সেই মৃত্যুকে ঘিরে একসময় নানা জল্পনা ছড়িয়েছিল। দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল—প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবার সেই সময়ের অভিজ্ঞতা সামনে আনলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। তাঁর বক্তব্য, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত তিনি পাননি। একই সঙ্গে সেই সময় ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলির সংবাদ পরিবেশনের ধরন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২০১৮ সালে শ্রীদেবীর মৃত্যুর সময় সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের রাষ্ট্রদূত ছিলেন নবদীপ সিং সুরি। অভিনেত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুবাই প্রশাসন এবং কাপুর পরিবারের মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন প্রাক্তন কূটনীতিক।
সুরি জানান, শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পরেই তিনি নিজের কর্মসূচি বদলে ফেলেছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। স্বামী বনি কাপুর এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, তাঁরা তখন গভীর শোক ও ধাক্কার মধ্যে ছিলেন। পরিবারের একমাত্র লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব শ্রীদেবীর মরদেহ মুম্বইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া।
শ্রীদেবীর মৃত্যু নিয়ে কোনও সন্দেহজনক কিছু তাঁর নজরে এসেছিল কি না, সেই প্রশ্নের উত্তরে সুরি জানান, তাঁর কাছে এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছাড়া অন্য কিছু বলে মনে হয়নি। তাঁর বক্তব্য, পরিবারের সদস্যদেরও তখন মূল চিন্তা ছিল অভিনেত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনা। কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত তিনি পাননি বলেও স্পষ্ট করেছেন প্রাক্তন রাষ্ট্রদূত।
তবে ঘটনার পর ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলিতে একের পর এক তত্ত্ব ও জল্পনা প্রচারিত হতে থাকে। সুরির মতে, সংবাদমাধ্যমের এই অতিরিক্ত তৎপরতার কারণে দুবাইয়ের সরকারি কৌঁসুলির উপরও বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখার চাপ তৈরি হয়েছিল। তার পরেই তদন্তের প্রক্রিয়া আরও বিস্তৃত হয়।
সুরি জানান, নিয়ম মেনেই শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত করা হয়েছিল। ভিসেরা নমুনা সংগ্রহ করা হয় এবং বনি কাপুর-সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এই প্রক্রিয়াগুলিকে ঘিরেও ভারতীয় সংবাদমাধ্যমে নানা জল্পনা চলতে থাকে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে দেরি হওয়াকে কেন্দ্র করেও ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়েছিল। প্রাক্তন রাষ্ট্রদূতের বক্তব্য, তদন্তের জন্য সময় নেওয়া একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া। দেহ ফিরিয়ে আনতে দেরি হওয়া মানেই যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর কারণ ছিল না।
পরিস্থিতি সামাল দিতে একসময় তাঁকেই প্রকাশ্যে এসে বক্তব্য রাখতে হয়েছিল বলে জানান সুরি। তাঁর কথায়, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তাই কী ধরনের আইনি প্রক্রিয়া চলছে এবং কেন সময় লাগছে, তা স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছিল। অযথা জল্পনা না ছড়িয়ে সরকারি তদন্তের প্রক্রিয়াকে সম্মান জানানোর আবেদনও ছিল তাঁর বক্তব্যের উদ্দেশ্য।
সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলির ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত। তাঁর মতে, শ্রীদেবীর মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাকে সংবাদমাধ্যমের একাংশ কার্যত তামাশায় পরিণত করেছিল। টেলিভিশন চ্যানেলগুলি তখন সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, সেই সময়ের সংবাদ পরিবেশনা ছিল ‘কুৎসিত ও অস্বাভাবিক’।
এত বছর পরেও সংবাদমাধ্যম সেই ঘটনা থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সুরি। তাঁর আক্ষেপ, এমন সংবেদনশীল ঘটনায় দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন থাকলেও সেই সময় একাংশের প্রচারে অযাচিত জল্পনাই বেশি গুরুত্ব পেয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে শ্রীদেবীর দেহ উদ্ধার হয়। দুবাই পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনাজনিত জলে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর প্রাক্তন রাষ্ট্রদূতের এই স্মৃতিচারণায় ফের সামনে এল সেই সময়ের তদন্ত, মরদেহ দেশে ফেরানোর জটিলতা এবং সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিতর্ক।



