ফওয়াদ খান (Fawad Khan) ও মাহিরা খান (Mahira Khan)-এর নতুন সিরিজ় ঘিরে তৈরি হল বিতর্ক। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ় ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo) ভারতে দেখানো নিয়ে এবার সরাসরি নেটফ্লিক্সকে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাকিস্তানে তৈরি কোনও ছবি বা সিরিজ় যেন ভারতের দর্শকদের জন্য সম্প্রচার না করা হয়, ২০২৫ সালের ৮ মে জারি হওয়া নির্দেশিকা মেনে সেই অবস্থান বজায় রাখতে বলা হয়েছে ওটিটি সংস্থাকে।
আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা এই সিরিজ়ের। কিন্তু ভারতে সেটি দেখানো যাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। মন্ত্রক সূত্রে খবর, সিরিজ়টির সম্ভাব্য ভারতীয় মুক্তি নিয়ে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়েছে। তার পরেই নেটফ্লিক্সকে আগের নির্দেশিকা এবং সরকারের কাছে দেওয়া তাদের পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।
২০২৫ সালের নির্দেশিকাই ফের মনে করাল কেন্দ্র
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। তার পর ৮ মে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে। সেখানে ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল স্ট্রিমিং সংস্থা এবং সংশ্লিষ্ট মাধ্যমগুলিকে পাকিস্তানে তৈরি কনটেন্ট সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল।
ওই নির্দেশিকায় জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এবং বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট-সহ বিভিন্ন ধরনের স্ট্রিমিং কনটেন্টের ক্ষেত্রে নির্দেশিকাটি প্রযোজ্য বলে জানানো হয়।
মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কেন্দ্রকে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানে তৈরি কোনও ছবি বা সিরিজ় তারা উপলব্ধ রাখেনি। এবার সেই অবস্থান বজায় রাখার কথাই ফের মনে করিয়ে দিয়েছে কেন্দ্র। অর্থাৎ, নতুন করে কোনও পৃথক নিষেধাজ্ঞা জারির বদলে আগের নির্দেশিকা মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে।
ফওয়াদ-মাহিরার সিরিজ় ঘিরে আপত্তি কেন?
‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ তৈরি হয়েছে পাকিস্তানি লেখক ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে। প্রেম, সম্পর্ক এবং পারিবারিক টানাপড়েনকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ়ে অভিনয় করেছেন ফওয়াদ খান, মাহিরা খান, সনম সইদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর-সহ একাধিক পরিচিত পাকিস্তানি অভিনেতা।
ফওয়াদ ও মাহিরা দু’জনেই ভারতীয় দর্শকদের কাছে পরিচিত মুখ। ফওয়াদ ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে, শাহরুখ খানের ‘রইস’ ছবিতে দেখা গিয়েছিল মাহিরাকে। ফলে নতুন সিরিজ়ের ঘোষণার পর থেকেই ভারতীয় দর্শকদের একাংশের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।
কিন্তু সিরিজ়ের ট্রেলার প্রকাশ্যে আসতেই আপত্তি জানায় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠি লিখে ভারতে সিরিজ়টির সম্প্রচার বন্ধ করার দাবি জানায়। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)-ও একই দাবিতে সরব হয়েছে।
সিরিজ়টির ট্রেলার প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর। নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’-র। তবে ভারতের দর্শকদের জন্য সিরিজ়টি উপলব্ধ হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনও স্পষ্ট করে কিছু জানায়নি।
কেন্দ্রের সাম্প্রতিক বার্তার পর ভারতে সিরিজ়টির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। তবে বিশ্বজুড়ে মুক্তির পরিকল্পনা বাতিল হয়েছে, এমন কোনও তথ্য এখনও সামনে আসেনি। আপাতত নজর নেটফ্লিক্সের পরবর্তী পদক্ষেপের দিকে। ভারতীয় দর্শকদের জন্য সিরিজ়টি আদৌ উপলব্ধ হবে কি না, তা স্পষ্ট হবে সংস্থার আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই।



