বাংলা ছবির পাশে শুভেন্দু, এবার টলিউডকে ‘স্ট্যান্ডার্ড বাড়ানোর’ পরামর্শ দিলীপের

নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা ছবির শো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। তাকে স্বাগত জানিয়ে বাংলা ছবির মান, প্রযুক্তি ও নতুন প্রতিভার উপর জোর দিলেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে হস্তক্ষেপ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে টলিউডের প্রযোজক, পরিচালক, পরিবেশক ও সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবির শো রাখতে হবে। দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে এই শো দেখানো বাধ্যতামূলক। নিয়ম অমান্য করলে হলের লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপও করা হতে পারে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে একই সঙ্গে বাংলা ছবির মান বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলা ছবির স্বার্থে এই পদক্ষেপ প্রয়োজনীয়। তবে শুধু সরকারি নির্দেশ দিয়ে বাংলা সিনেমার বাজার ধরে রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তাঁর বক্তব্য, বাংলা ছবির সঙ্গে যুক্ত অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের নিজেদের কাজের মান বাড়াতে হবে। দক্ষিণী ছবির মতো বাংলা সিনেমাকেও দেশের বিভিন্ন প্রান্তে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে।

দিলীপের কথায়, “এটা নিঃসন্দেহে খুব ভালো পদক্ষেপ। কিন্তু বাংলা ছবির সঙ্গে যুক্ত অভিনেতা-পরিচালকদের বলব, একটু স্ট্যান্ডার্ড বাড়ান। দক্ষিণী ছবি যদি সারা দেশে বাজার তৈরি করতে পারে, বাংলা ছবিরও ইতিহাস আছে। বাংলা ছবির পরিচালক-অভিনেতারা অন্য ভাষায় কাজ করে নাম কামিয়েছেন।”

শুধু ছবির মান নয়, বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান পরিস্থিতির জন্য আগের সরকারের নীতিরও সমালোচনা করেছেন তিনি। দিলীপের অভিযোগ, গত সরকারের আমলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত রাজনীতির প্রভাব পড়েছিল। তার ফল এখনও ভুগতে হচ্ছে বাংলা সিনেমাকে। তবে নতুন সরকার চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হওয়ায় পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বাংলা সিনেমার বাজার ধরে রাখতে নতুন পরিচালক ও অভিনেতাদের সুযোগ দেওয়ার উপরেও জোর দিয়েছেন দিলীপ। তাঁর মতে, নতুন প্রজন্মের শিল্পীদের সামনে তুলে আনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দর্শকের পছন্দ ও বিনোদনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ছবি তৈরি করতে হবে। অন্য ভাষার ছবির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নির্মাণের মান এবং প্রচার—দুই ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির প্রদর্শন নিয়ে জটিলতার সূত্রপাত হয় হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তির আগে। প্রযোজনা সংস্থা এসভিএফের দাবি ছিল, নতুন হিন্দি ছবির জন্য জায়গা করে দিতে কয়েকটি প্রেক্ষাগৃহে বাংলা ছবিটির শো বন্ধ বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন ছবির পরিচালক ও কলাকুশলীরা।

এর পরেই মঙ্গলবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সিনেমা হলের মালিক, প্রযোজক, পরিবেশক, পরিচালক ও অভিনেতাদের উপস্থিতিতে বাংলা ছবির প্রদর্শন নিয়ে আলোচনা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা নেই। তবে প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমের মধ্যে অন্তত একটি বাংলা ছবির শো নিশ্চিত করতে হবে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট হলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকী লাইসেন্স বাতিলের কথাও বিবেচনা করা হবে।

অর্থাৎ, বাংলা ছবির প্রদর্শনের জন্য নির্দিষ্ট সময় নিশ্চিত করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের ভিত মজবুত করার বিষয়টিও এখন আলোচনায়। একদিকে সরকারের তরফে প্রেক্ষাগৃহে বাংলা ছবির জায়গা নিশ্চিত করার উদ্যোগ, অন্যদিকে দিলীপ ঘোষের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে ছবির গুণমান ও প্রযুক্তিগত উন্নতির পরামর্শ—সব মিলিয়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর