শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, তার আগেই মৃত্যু! হৃদরোগে প্রয়াত বাংলাদেশের অভিনেতা সোহেল খান

বাংলাদেশের অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। বগুড়ায় ‘নাসিব’ ছবির শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ৬৬ বছরের অভিনেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুটিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। হোটেলের নীচে অপেক্ষা করছিল প্রোডাকশনের গাড়ি। কিন্তু আর শুটিং ফ্লোরে ফেরা হল না বাংলাদেশের অভিনেতা সোহেল খানের (Sohel Khan)। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় একটি হোটেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি অভিনেতাকে। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার প্রয়াণে বাংলাদেশের বিনোদন জগতে শোকের ছায়া।

জানা গিয়েছে, ‘নাসিব’ ছবির শুটিংয়ের জন্য বগুড়ায় গিয়েছিলেন সোহেল। আগামী ২৫ নভেম্বর ছবির শুটিং শেষ হওয়ার কথা ছিল। ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে একটি হোটেলেই ছিলেন তিনি। মঙ্গলবার সকালে মেকআপ শেষ করে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। সেই সময়েই ঘটে বিপত্তি।

প্রোডাকশনের এক সদস্য তাঁকে ডাকতে হোটেলের ঘরে যান। সেখানে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন সোহেলকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে হৃদরোগকেই মৃত্যুর কারণ বলে জানা যাচ্ছে।

ছবির পরিচালক মহম্মদ ইকবাল সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিনেতার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শুটিং চলাকালীন সোহেল ছবির টিমের সঙ্গেই হোটেলে ছিলেন। অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানান, ঘুম থেকে উঠে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল। প্রোডাকশনের গাড়িও তখন হোটেলের নীচে অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

সোহেল খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সমাজমাধ্যমে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে তিনি লেখেন, ‘সোহেল ভাই, পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় করছে।’ সহকর্মীর প্রয়াণে তাঁর এই আবেগঘন বার্তা অনুরাগীদেরও মন ছুঁয়েছে।

বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন সোহেল খান। পরে নাটক, ধারাবাহিক এবং টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে পরিচিতি তৈরি করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের টেলিভিশন ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, অনুরাগী এবং পরিচিত মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর