মহাকাশ গবেষণায় নতুন নজির গড়তে চলেছে চিন। তাদের তিয়াংগং (Tiangong) মহাকাশ স্টেশনে এই প্রথম কোনও বিদেশি নভোচরকে পাঠানো হচ্ছে। আর সেই সুযোগ পাচ্ছেন পাকিস্তানের বায়ুসেনার পাইলট মহম্মদ জ়িশান আলি (Muhammad Zeeshan Ali)। বুধবার, ২৫ নভেম্বর চিনের শেনঝৌ-২৪ (Shenzhou-24) মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর।
এই অভিযানে জ়িশান আলির সঙ্গে থাকবেন চিনের দুই নভোচর তাং হংবো (Tang Hongbo) এবং উ ই (Wu Yi)। মঙ্গলবার চিনের মানব মহাকাশযাত্রা সংস্থা (China Manned Space Agency বা CMSA) তিন সদস্যের এই অভিযাত্রী দলের নাম ঘোষণা করেছে। অভিযানের নেতৃত্বে থাকবেন তাং হংবো। উ ই থাকবেন মহাকাশযানের পাইলটের দায়িত্বে। আর পাকিস্তানের জ়িশান আলি এই অভিযানে কাজ করবেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে।
মহাকাশে কী কাজ করবেন পাকিস্তানের নভোচর?
জ়িশান আলির দায়িত্ব শুধু মহাকাশ স্টেশনে পৌঁছনো নয়। সেখানে চিনা নভোচরদের সঙ্গে একাধিক বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, প্রায় পাঁচ দিন তিয়াংগং মহাকাশ স্টেশনে কাটানোর কথা তাঁর। এই সময়ের মধ্যে জৈবপ্রযুক্তি ও পদার্থবিজ্ঞান সংক্রান্ত চারটি গবেষণায় অংশ নেবেন।
গবেষণার অন্যতম বিষয় সালোকসংশ্লেষ করতে সক্ষম অণুজীব। মহাকাশের প্রতিকূল পরিবেশে এই ধরনের অণুজীবের আচরণ ও কার্যকারিতা পরীক্ষা করা হবে। পেলোড বিশেষজ্ঞ হিসেবে বৈজ্ঞানিক সরঞ্জাম পরিচালনা এবং পরীক্ষার কাজ সামলাবেন জ়িশান।
এই অভিযানের জন্য দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। চিনের নভোচর প্রশিক্ষণ কেন্দ্রে শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মহাকাশযানের বিভিন্ন সরঞ্জাম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা এবং চিনা ভাষার প্রশিক্ষণও নিয়েছেন। চিনা নভোচরদের সঙ্গে একযোগে কাজ করার জন্য তাঁদের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন।
যে মহাকাশযানে যাবেন, ফিরবেন অন্য যানে
এই অভিযানের একটি উল্লেখযোগ্য দিক হল, যে শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে জ়িশান আলি মহাকাশে যাবেন, সেই যানেই পৃথিবীতে ফিরবেন না তিনি। তিয়াংগং স্টেশনে কয়েক দিন থাকার পর শেনঝৌ-২৩ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফেরার পরিকল্পনা রয়েছে।
শেনঝৌ-২৩ বর্তমানে তিয়াংগং স্টেশনে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সেখানকার অভিযাত্রী দলের দুই সদস্য লাই কাইয়িং এবং ঝাং ঝিয়ুয়ানের সঙ্গে পৃথিবীতে ফিরবেন পাকিস্তানের এই নভোচর।
চিন-পাকিস্তান মহাকাশ সহযোগিতায় নতুন অধ্যায়
চিন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার চুক্তির ফল এই অভিযান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মহাকাশ সংস্থার মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, পাকিস্তানের দুই সম্ভাব্য নভোচর চিনে প্রশিক্ষণ শুরু করেন। তাঁদের মধ্য থেকেই শেনঝৌ-২৪ অভিযানের জন্য জ়িশান আলিকে বেছে নেওয়া হয়েছে।
চিনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচরের প্রবেশ দুই দেশের মহাকাশ গবেষণার সহযোগিতায় গুরুত্বপূর্ণ ঘটনা। একই সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নিজেদের সহযোগিতার পরিসর বাড়ানোর ক্ষেত্রেও চিনের কাছে এটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।



