‘মুসলিম অনুপ্রবেশকারীরা যে পথে ঢুকেছে, সেই পথেই ফেরাতে হবে’, কোচবিহারে পুলিশকে নির্দেশ শুভেন্দুর

রাসমেলার অনুষ্ঠানে যোগ দিয়ে কোচবিহারের পুলিশ সুপারকে বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশের অভিযোগে অভিযুক্তদের চিহ্নিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সীমান্তে বিএসএফের সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে অভিযুক্তদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোচবিহারের রাসমেলা ও গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে এই নির্দেশ দেন তিনি। তবে বক্তব্যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলিম অনুপ্রবেশকারী এবং হিন্দু শরণার্থীদের মধ্যে পৃথক অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা, মাদক পাচার ও গোহত্যা রুখতে পুলিশকে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার রাসমেলা উপলক্ষে কোচবিহার সফরে যান শুভেন্দু। সেখানে গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়ক। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধিদের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। কোচবিহারকে ‘গ্রাম থেকে নগর, নগর থেকে মহানগর’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও বক্তব্য রাখেন তিনি।

এর পরেই জেলার সীমান্ত পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করেন শুভেন্দু। বিএসএফের সঙ্গে পুলিশের সমন্বয় আরও বাড়ানোর নির্দেশ দেন তিনি। কোচবিহারের পুলিশ সুপার মণীশ জোশীকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা মুসলিমদের খুঁজে বের করতে হবে। তাঁর কথায়, “যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বার করতে হবে। তাড়াতে হবে।”

একই বক্তব্যে বাংলাদেশ থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীদের শরণার্থী হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের আশ্রয় দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ধর্ম ও প্রাণ বাঁচানোর জন্য যাঁরা এপারে এসেছেন, তাঁদের আশ্রয় দিতে হবে। অর্থাৎ, বাংলাদেশ থেকে আসা মানুষের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পৃথক অবস্থান তুলে ধরেছেন তিনি।

সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে বিএসএফ এবং রাজ্য পুলিশকে একযোগে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়েছে। ফেন্সিংয়ের কাজ শেষ হলে চোরাচালান বন্ধ করতে হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা, গাঁজার চাষ, জালনোট তৈরি ও মাদক পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মহিলাদের নিরাপত্তার বিষয়েও পুলিশকে বিশেষ বার্তা দিয়েছেন শুভেন্দু। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত ‘দুর্গাবাহিনী’কে অনুষ্ঠানের মঞ্চ থেকে সম্মান জানান তিনি। বাহিনীর হাতে ৩০টি স্কুটার তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের উপর কোনও ধরনের হিংসা বরদাস্ত করবে না সরকার। তাঁর হুঁশিয়ারি, কোনও দিদি, বোন বা কন্যার উপর কেউ আক্রমণ করলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বক্তব্যে তিনি বলেন, “যদি আমার একটি দিদি-বোন-কন্যার উপর আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।”

গোহত্যা ও গরু পাচার নিয়েও পুলিশকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার জন্য বিল আনার কথা ঘোষণা করেছিল বিজেপি সরকার। সেই প্রসঙ্গ টেনে কোচবিহারের পুলিশকে ১৯৫০ সালের পশুজবাই সংক্রান্ত আইনের কথা স্মরণ করিয়ে দেন শুভেন্দু। গরু পাচার এবং পশুজবাইয়ের অভিযোগের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর নির্দেশও দেন তিনি।

এ দিনের সভায় নিজের কনভয়ে হামলার পুরনো অভিযোগও সামনে আনেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের ৫ অগস্ট বিরোধী দলনেতা থাকাকালীন কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথি এলাকায় তাঁর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর ওই মামলার তদন্তে নতুন করে তৎপরতা শুরু হয়েছে এবং কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার সেই ঘটনার প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন, হামলার দিন তাঁর গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল। তাঁর কথায়, “আমি অনেক সহ্য করেছি। খাগড়াবাড়িতে আমার গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল। ছবিগুলো আমার কাছে গোছানো আছে।” এরপরই তিনি বলেন, “উন্নয়নও হবে, হিসাবও হবে।”

সীমান্ত সুরক্ষা থেকে মহিলাদের নিরাপত্তা, মাদক পাচার থেকে গরু পাচার—একাধিক বিষয়ে এ দিন পুলিশ প্রশাসনকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাংলাদেশ থেকে আসা মানুষের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাঁর পৃথক অবস্থান এবং পুলিশকে দেওয়া নির্দেশ রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর