শান্তিনিকেতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল পশ্চিমবঙ্গে। এ বার ঘটনাস্থল আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকা। সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত প্রতাপ দাসকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। যদিও এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই যৌথ অভিযান শুরু করেছে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং হিরাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপ দাসের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় একটি সাইবার প্রতারণার মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্রেই বুধবার তাঁকে গ্রেফতার করতে ইসমাইল এলাকায় পৌঁছয় পুলিশের দল। কিন্তু পুলিশ তাঁকে ধরতে গেলে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান প্রতাপ। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গিয়েই এই ঘটনা ঘটে। তাঁর কথায়, অভিযুক্ত গুলি চালিয়ে পালিয়ে গিয়েছেন। তবে তাঁর ছোড়া গুলি কোনও পুলিশকর্মীর গায়ে লাগেনি। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে পুলিশের অভিযানের সময় নিরাপত্তার প্রশ্ন। কারণ, এর আগেও শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এক পুলিশকর্মী। গত ১৩ নভেম্বর শান্তিনিকেতনের লায়েকবাজারে অভিযুক্ত রতন শেখকে গ্রেফতার করতে গিয়ে গুলির আঘাতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে গুলি লাগে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
পুলিশ সূত্রে দাবি, ওই ঘটনার পর রতন শেখকে গ্রেফতার করা হয়। পরে অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নানুরের চারকোল গ্রামের কাছে উচকরন এলাকার একটি ইটভাটায়। পুলিশের দাবি, সেখানে অস্ত্র দেখানোর সময় রতন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি চালান। পুলিশের গাড়িতেও গুলি লাগে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতে জখম হন রতন। তাঁকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
শান্তিনিকেতনের ঘটনার পর আসানসোলে একই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তবে দুই ঘটনার মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। আপাতত প্রতাপ দাসকে খুঁজে বের করাই পুলিশের কাছে প্রধান চ্যালেঞ্জ। তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় কোথাও কোনও সহযোগী ছিল কি না, তাও তদন্ত করে দেখা হতে পারে।



