ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই? তবুও পাঠাতে পারবেন ৫০ হাজার টাকা! টাকা তোলার ক্ষেত্রেও বড় সুবিধা, জানাল RBI

ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও NEFT-এর মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগ রয়েছে। ATM, বিজনেস করেসপন্ডেন্ট ও নগদে টাকা পাওয়ার ক্ষেত্রে RBI-এর নির্ধারিত সীমা জেনে নিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ব্যাঙ্কে নিজের নামে অ্যাকাউন্ট না থাকলেও এবার আর্থিক লেনদেনের সুযোগ রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India বা RBI) ঘরোয়া টাকা পাঠানো ও নগদে টাকা পাওয়ার নিয়মগুলি একত্র করে নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই এমন কোনও ব্যক্তি শাখায় গিয়ে NEFT-এর মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। আবার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও অন্যের পাঠানো টাকা নির্দিষ্ট সীমার মধ্যে নগদে সংগ্রহ করা যাবে। নতুন নির্দেশিকা কার্যকর হয়েছে ১১ নভেম্বর ২০২৬ থেকে।

বিশেষ করে ভিন্‌রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক, দৈনিক মজুরির কর্মী এবং যাঁদের ব্যাঙ্কিং পরিষেবায় নিয়মিত প্রবেশাধিকার নেই, তাঁদের জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তবে টাকা পাঠানো এবং নগদে টাকা পাওয়ার ক্ষেত্রে আলাদা সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলে কত টাকা পাঠানো যাবে?

RBI-এর নির্দেশিকায় Cash Pay-in Service-এর অধীনে অ্যাকাউন্টবিহীন গ্রাহকদের টাকা পাঠানোর সুযোগ রাখা হয়েছে। কোনও ব্যক্তি ব্যাঙ্কের শাখায় গিয়ে NEFT-এর মাধ্যমে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন।

অর্থাৎ, যে ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছেন, সেখানে নিজের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। তবে ব্যাঙ্কের নির্ধারিত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া মেনে লেনদেন করতে হবে।

ATM বা ব্যাঙ্কের প্রতিনিধির মাধ্যমে কত টাকা পাঠানো যাবে?

শুধু ব্যাঙ্কের শাখা নয়, নির্দিষ্ট শর্তে বিজনেস করেসপন্ডেন্ট (Business Correspondent বা BC), ATM এবং অন্যান্য অনুমোদিত মাধ্যমেও নগদ টাকা পাঠানো যাবে।

এই ক্ষেত্রে সীমা আলাদা।

  • প্রতি লেনদেনে সর্বোচ্চ: ৫,০০০ টাকা।

  • মাসে সর্বোচ্চ: ২৫,০০০ টাকা।

  • নিবন্ধন: যাচাই করা মোবাইল নম্বর ও স্ব-প্রত্যয়িত বৈধ পরিচয়পত্র দিতে হবে।

  • নিরাপত্তা: প্রতিটি লেনদেনে অতিরিক্ত অথেন্টিকেশন বাধ্যতামূলক।

নিজের অ্যাকাউন্ট না থাকলেও কত টাকা নগদে পাওয়া যাবে?

যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরাও অন্যের পাঠানো টাকা নগদে পেতে পারেন। RBI-এর Cash Pay-out Service অনুযায়ী, কোনও গ্রাহক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালে প্রাপক ATM, বিজনেস করেসপন্ডেন্ট বা অন্য অনুমোদিত মাধ্যমে নগদে সেই টাকা সংগ্রহ করতে পারবেন।

এক্ষেত্রে নিয়মগুলি হল:

  • প্রতি লেনদেনে সর্বোচ্চ: ১০,০০০ টাকা।

  • মাসে সর্বোচ্চ: ২৫,০০০ টাকা।

  • পরিচয় যাচাই: প্রাপকের নাম ও ঠিকানা নথিভুক্ত রাখতে হবে।

অর্থাৎ, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও নির্দিষ্ট সীমার মধ্যে টাকা গ্রহণ করা সম্ভব। তবে এই ব্যবস্থায় টাকা পাঠানোর জন্য প্রেরকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

জালিয়াতি রুখতে কী ব্যবস্থা RBI-এর?

নগদ লেনদেনের সুযোগ বাড়ানোর পাশাপাশি আর্থিক জালিয়াতি আটকাতেও একাধিক নির্দেশ দিয়েছে RBI। ব্যাঙ্ক ও অনুমোদিত সংস্থাগুলিকে লেনদেনের সংখ্যা ও অস্বাভাবিক আর্থিক গতিবিধির উপর নজর রাখতে হবে।

কোনও নির্দিষ্ট অ্যাকাউন্টে হঠাৎ অস্বাভাবিকভাবে বেশি টাকা জমা পড়লে তা খতিয়ে দেখতে হবে। সন্দেহজনক লেনদেনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি, টাকা জমা পড়লে গ্রাহককে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও রাখতে হবে।

প্রতিটি লেনদেনে প্রেরকের পরিচয় এবং নগদে টাকা পাঠানোর তথ্য NEFT বা IMPS-এর বার্তায় উল্লেখ করতে হবে। এই পরিষেবার জন্য ব্যাঙ্ক ও অনুমোদিত সংস্থাগুলি যুক্তিসংগত পরিষেবা মূল্যও ধার্য করতে পারবে।

নতুন নিয়মে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী, দৈনিক মজুরির কর্মী এবং যাঁদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের জন্য এই পরিষেবা বিশেষভাবে কার্যকর হতে পারে। অন্য শহরে কর্মরত কোনও ব্যক্তি পরিবারের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আবার অ্যাকাউন্ট না থাকা পরিবারের সদস্যও নির্দিষ্ট নিয়মে নগদ টাকা পেতে পারেন।

তবে মনে রাখতে হবে, RBI-এর ১১ নভেম্বরের নির্দেশিকা মূলত আগের Domestic Money Transfer নিয়মগুলিকে একত্র করেছে। ৫০ হাজার, ১০ হাজার বা ৫ হাজার টাকার সীমাগুলি নতুন করে বাড়ানো হয়নি। নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে আগের সীমাগুলিই বহাল রাখা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর