মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

মোবাইলে চার্জ হচ্ছিল না, তাই বৈদ্যুতিক বোর্ড খুলে মেরামতির চেষ্টা করেছিল দশম শ্রেণির ছাত্র বিক্রম সাউ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে শোকের ছায়া তমলুকের মথুরি গ্রামে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছিল। সামনে জীবনের প্রথম বড় পরীক্ষার প্রস্তুতি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৫ বছরের এক স্কুলছাত্রের। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার মথুরি গ্রামে।

মৃত ছাত্রের নাম বিক্রম সাউ। সে মথুরী কল্যাণীকা বিদ্যাভবনের দশম শ্রেণির পড়ুয়া ছিল। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিচ্ছিল সে। পরীক্ষার প্রস্তুতির মাঝেই এমন দুর্ঘটনায় অকালে ঝরে গেল কিশোরের প্রাণ।

পরিবার সূত্রে খবর, বিক্রমের বাবা মাছের ব্যবসা করেন। মা কাজ করেন ইটভাটায়। সংসারে আর্থিক অনটন থাকায় কিছুদিন আগে পড়াশোনার পাশাপাশি ফুলের কাজে যোগ দিয়েছিল বিক্রম। তবে পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে এগিয়ে আসেন স্কুলের শিক্ষক এবং স্থানীয় গৃহশিক্ষকেরা। বিনা পারিশ্রমিকে তাকে পড়ানোর আশ্বাস দেন তাঁরা। সেই ভরসাতেই কাজ ছেড়ে ফের পড়াশোনায় মন দিয়েছিল কিশোর।

জানা গিয়েছে, সম্প্রতি মায়ের সঙ্গে এক অসুস্থ আত্মীয়কে দেখতে তমলুক হাসপাতালে গিয়েছিল বিক্রম। সেখান থেকে বাড়ি ফিরে মোবাইল ফোনে চার্জ দিতে যায় সে। কিন্তু ফোনে চার্জ হচ্ছিল না। সেই সমস্যা মেটাতে বৈদ্যুতিক বোর্ড খুলে নিজেই মেরামতির চেষ্টা করে বিক্রম। অভিযোগ, সেই সময়ই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তড়িতাহত হয় সে।

কোনও রকমে বাইরে বেরিয়ে মাকে বিষয়টি জানানোর পরই মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পরীক্ষা করে চিকিৎসকেরা বিক্রমকে মৃত বলে ঘোষণা করেন।

সংসারের আর্থিক টানাপড়েনের মধ্যেও যে ছেলে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল, তাকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার। বিক্রমের মৃত্যুতে শোকস্তব্ধ স্কুলের শিক্ষক, সহপাঠী এবং মথুরি গ্রামের বাসিন্দারা। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আর দেওয়া হল না তার। যে পরীক্ষাকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছিল কিশোর, সেই স্বপ্নের ইতি ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনায়।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। গত ১১ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার দাঁড়িয়া হরিমূল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ বছরের সমীরণ সরদারের। পরিবার সূত্রে জানা গিয়েছিল, বাড়িতে ভাইফোঁটার আয়োজন চলাকালীন বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়েন সমীরণ। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

পরপর এমন ঘটনায় বাড়ির বৈদ্যুতিক কাজ এবং মোবাইল চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার বিষয়টি ফের সামনে এসেছে। বৈদ্যুতিক বোর্ড বা তারে কোনও সমস্যা হলে নিজে হাত না দিয়ে দক্ষ বিদ্যুৎকর্মীর সাহায্য নেওয়াই নিরাপদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর