বাংলা ছবির জন্য প্রতিদিন বাধ্যতামূলক শো! মিঠুন-প্রসেনজিতের কমিটি রিপোর্ট দেবে ৩১ ডিসেম্বরের মধ্যে

টলিউডের হাল ফেরাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে বিশেষ কমিটিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। প্রতিটি সিনেমা হলে বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা চলচ্চিত্রের বাজার ফের চাঙ্গা করতে একগুচ্ছ পদক্ষেপের পথে রাজ্য সরকার। সিনেমা হলগুলিতে বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করার পাশাপাশি টলিউডের (Tollywood) সামগ্রিক সমস্যা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে এই কমিটিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাংলা চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে নিজেদের পর্যবেক্ষণ ও সুপারিশ জমা দিতে হবে কমিটিকে। পাশাপাশি রাজ্যজুড়ে প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করেছে সরকার।

মঙ্গলবার নবান্নে (Nabanna) চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, পরিবেশক ও সিনেমা হল মালিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বাংলা ছবির প্রদর্শনের সুযোগ কমে যাওয়া এবং প্রেক্ষাগৃহের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকের পরেই বাংলা চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের পথ খুঁজতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির নেতৃত্বে থাকবেন অভিনেতা তথা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বাংলা সিনেমার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে এই কমিটি।

কী কী বিষয় খতিয়ে দেখবে মিঠুন-প্রসেনজিতের কমিটি?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, বাংলা ছবির প্রদর্শন, পরিবেশনা এবং সিনেমা হল পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা খতিয়ে দেখবে কমিটি। বিশেষ করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের মালিক এবং প্রদর্শকদের কী ধরনের বাণিজ্যিক ও পরিচালনগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

বাংলা ছবির জন্য পর্যাপ্ত স্ক্রিন ও শো নিশ্চিত করা, পরিবেশনা ব্যবস্থার উন্নতি এবং চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের সমস্যার সমাধানের পথও খুঁজবে কমিটি। রাজ্যজুড়ে বাংলা সিনেমার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সরকারকে সুপারিশ করা হবে।

কমিটিতে বাংলা চলচ্চিত্র জগতের চার জন বিধায়ককে রাখা হয়েছে। পাশাপাশি পরিচালক, প্রযোজক, প্রদর্শক এবং পরিবেশকদের প্রত্যেক ক্ষেত্র থেকে দু’জন করে প্রতিনিধি থাকবেন। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা পুরসভার একজন প্রতিনিধিও কমিটিতে থাকবেন। চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত বিশেষ আমন্ত্রিত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুপারিশ-সহ চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের কাছে।

প্রতিটি সিনেমা হলে বাধ্যতামূলক বাংলা ছবি, সময় বিকেল ৩টে থেকে রাত ৯টা

শুধু কমিটি গঠন করেই থেমে থাকছে না রাজ্য সরকার। বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করতে সিনেমা হলগুলির জন্যও স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে।

এর জন্য নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। এই ছয় ঘণ্টার মধ্যে নিজেদের ব্যবসায়িক প্রয়োজন, দর্শকের চাহিদা এবং প্রদর্শনের সময়সূচি অনুযায়ী যে কোনও সুবিধাজনক সময়ে বাংলা ছবির শো রাখতে পারবেন হল মালিক ও প্রদর্শকরা।

অর্থাৎ, বাংলা ছবিকে প্রাইম টাইমে জায়গা দিতে হবে। অন্য ভাষার ছবির প্রদর্শনে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে বাংলা ছবির জন্য নির্ধারিত শো নিশ্চিত করা বাধ্যতামূলক।

নিয়ম না মানলে বাতিল হতে পারে সিনেমা হলের লাইসেন্স

সরকারি নির্দেশিকা কার্যকর হচ্ছে কি না, তা নিয়মিত নজরদারি করবে প্রশাসন। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সিনেমা হল বা প্রদর্শকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট লাইসেন্স বা অনুমতি স্থগিত কিংবা বাতিল করার মতো কঠোর পদক্ষেপও করতে পারে প্রশাসন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে।

জেলাগুলিতে এই নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা দেখবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। কলকাতার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনারকে। অর্থাৎ, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করতে প্রশাসনিক স্তরেও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলা ছবির প্রদর্শনের ক্ষেত্রে এই নির্দেশ কতটা কার্যকর হয়, তা আগামী দিনে স্পষ্ট হবে। তবে কমিটির রিপোর্ট এবং সিনেমা হলগুলিতে বাধ্যতামূলক বাংলা ছবি প্রদর্শনের সিদ্ধান্ত টলিউডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনার সুযোগ তৈরি করেছে। এখন চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সমস্যার সমাধানে কমিটি কী কী সুপারিশ করে, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর