ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত কলকাতা হাই কোর্ট খারিজ করার পরেই সমাজমাধ্যমে তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। ফেসবুকে একটি পোস্টে ঋতব্রতকে নিশানা করে তিনি লেখেন, ‘কী রে চাটন! বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।’ সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি। আদালতের রায়ের পর কুণালের এই পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার কলকাতা হাই কোর্ট বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর ৩ জুনের সিদ্ধান্ত খারিজ করে দেয়। ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্পিকারকে। এই মামলাটি করেছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

কুণাল ঘোষের পোস্টে সরাসরি আদালতের রায়ের ব্যাখ্যা না থাকলেও, ‘চাটন’ এবং ‘বালিশ ফেটে তুলো বেরিয়ে গেল’ মন্তব্যকে ঋতব্রতকে উদ্দেশ্য করেই করা কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিরোধী দলনেতার নিয়োগ পদ্ধতি নিয়ে ঋতব্রতকে আক্রমণ করেছিলেন কুণাল।
বিরোধী দলনেতা নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্পিকারের কাছে পাঠানো চিঠির ভিত্তিতে ঋতব্রতকে ওই পদে বসানো হয়েছিল। আদালতের সাম্প্রতিক রায়ে স্পিকারের সেই সিদ্ধান্তই বাতিল হয়েছে।
উল্লেখ্য, বিরোধী দলনেতা নিয়োগের মামলায় আদালত স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে সরাসরি ওই পদে বসানোর নির্দেশ দেয়নি হাই কোর্ট। ফলে পরবর্তী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



