নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালেশ্বরে রেক দুর্ঘটনা গোটা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, মালগাড়ির সংঘর্ষে কার্যত বিপর্যয় ঘটে যায়। প্রাণহানি হয় বহু যাত্রীর। আহতদের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। করমণ্ডল এক্সপ্রেস যে মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই ব্যাপক মাত্রায় ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ! ইডির দফতর থেকে বেরিয়ে এলেন রুজিরা


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার এই ভিডিও সর্বপ্রথম ওড়িশার একটি সংবাদমাধ্যম প্রকাশ্যে আনে। এরপর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে রীতিমত গা শিউরে উঠছে নেটিজেনদের। করমণ্ডল এক্সপ্রেসের এক যাত্রীর ফোনে এই ভিডিও বন্দি হয়েছে বলে খবর। পরিস্থিতি স্বাভাবিক ছিল কিন্তু পর মুহূর্তেই সব কার্যত তছনছ হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাফাই কর্মী ট্রেনের কামরার মেঝে পরিষ্কার করছেন। যাত্রীরা নিজেদের মত রয়েছেন। কেউ বসে রয়েছেন অথবা কেউ আবার নিজের সিটে চাদর গায়ে শুয়ে পড়েছেন। হঠাৎ ট্রেনের কামরা কেপে উঠল। ক্যামেরায় কোনও দৃশ্য স্পষ্ট দেখা না গেলেও শোনা গেল যাত্রীদের চিৎকার। এরপরই এক নিমেষে মৃত্যুপুরীর রূপ নেয় করমণ্ডল।



গত শুক্রবার (২ জুন) ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই উদ্ধারকার্য শুরু হয়। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধারকার্য শুরু হয়। রেলসূত্রে জানা যায়, করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ এতটাই বেশি ছিল যে সেটির ইঞ্জিন লুপলাইনে থাকা মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয় ২১ টি কামরা। অন্যদিকে, যশবন্তপুর এক্সপ্রেসের তিনটি কামরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ১০৩ জন যাত্রী নিহত হয়েছে বলে খবর।
Coromandel Express দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ভিডিও








