নজরবন্দি ব্যুরো: দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। আজ, রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম থেকেই তিন রাজ্যে এগিয়ে রয়েছ বিজেপি। দুই রাজ্যে কংগ্রেসকে হারিয়ে জয়ের পথে গেরুয়া শিবির। এই আবহে আগামী সপ্তাহেই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দিল কংগ্রেস।
আরও পড়ুন: আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?


সূত্রে খবর, রবিবার সকালেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকের আগ্রহ জানিয়ে বিরোধী নেতাদের ফোন করেছেন। আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হবে রাজধানীতে। তবে কে কে উপস্থিত হবেন সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে কংগ্রেস সভাপতি তৃণমূল, ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের নেতৃত্বকে ফোন করেছেন। ৬ ডিসেম্বর দিনটিকেই কেন বিরোধী জোটের বৈঠকের জন্য বেছে নিয়েছে কংগ্রেস? এনিয়ে একটি ব্যাখ্যা সামনে এসেছে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। ২০২৪ এর জানুয়ারি মাসে ওই জায়গাতেই নবনির্মিত রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিরোধীরা মনে করছে যে বিজেপি এই রামমন্দিরকে হাতিয়ার করে লোকসভার ভোটে বাজিমাত করবে। তাই আগে থেকেই কোনও পন্থা গ্রহণ করতে হবে। আর তা নির্ধারণ করতে ৬ তারিখেই বৈঠকে বসতে চায় হাত শিবির।



২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই ২৮ টি বিরোধী দল একজোট হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইন্ডিয়া’ নামেই সহমত হয় বিরোধী নেতারা। পাটনায় প্রথম বৈঠক হয়। বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকটি হয়। তৃতীয় বৈঠক হয় মুম্বইতে। ওই জোটে বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। জোট গঠন করলেও দলগুলি একে অপরকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছে। কার্যত ঝিমিয়ে পড়েছিল জোট। এবার চতুর্থ বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেও নজর রাখতে হবে।
সেমিফাইনালে বাজিমাত বিজেপির, ভোট গণনার দিনেই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ডাকল কংগ্রেস

উল্লেখ্য, রবিবার তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ফলপ্রকাশ। এরমধ্যে তিন রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়) সাফল্য বিজেপির। তেলেঙ্গানায় বিআরএস-কে হারিয়ে জয়ের পথে কংগ্রেস। পাঁচ রাজ্যের মধ্যে চারটির ফলপ্রকাশ আজ হচ্ছে। বাকি এক রাজ্য মিজোরামের বিধানসভা ভোটের ফলপ্রকাশ হবে আগামীকাল অর্থাৎ ৪ ডিসেম্বর।







