শিশুদের রক্ষা করতে হবে করোনার হাত থেকে, অভূতপূর্ব প্রস্তুতি রাজ্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিশুদের রক্ষা করতে হবে করোনার হাত থেকে, অভূতপূর্ব উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। করোনার তৃতীয় ঢেউ আসার আগে শিশু ও মায়েদের জন্য ১০ হাজার জেনারেল করোনা শয্যা প্রস্তুত করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে পরিকাঠামো বাড়ানোর। নির্দিষ্ট ভাবে বলা হয়েছে যেন জুলাই মাসের মধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ ৫৪ হাজার টেস্টে মাত্র সাড়ে ৩ হাজার সংক্রমণ, সুস্থতার পথে বাংলা।

করোনার প্রথম দুই ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে শিশুদের বেশি করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অত্যন্ত দ্রুততার সাথে কার্য সম্পন্ন করতে হবে। করোনা আক্রান্ত শিশুর সাথে থাকার ব্যাবস্থা করা হচ্ছে তার মায়েরও। শিশুদের এনআইসিইউ, এসএনসিইউ এবং এইচডিইউ পরিষেবা বাড়ানো হচ্ছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভেন্টিলেটর, পাল্স অক্সিমিটার সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী অগস্টের মধ্যে শিশুদের ওয়ার্ড এবং ক্রিটিক্যাল কেয়ারে প্রস্তুত রাখার লক্ষমাত্রা ধার্য করা হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় শিশুদের জন্য মোট ১১ হাজার ৬৫০ টি শয্যা তৈরি রাখছে রাজ্য সরকার। যার মধ্যে ৩ মাস থেকে ১২ বছর বয়সি মৃদু এবং মাঝারি উপসর্গ যুক্ত করোনা আক্রান্ত শিশুদের জন্য ১০ হাজার বেড প্রস্তুত করা হচ্ছে। যেখানে মা এবং সন্তান উভয়েই থাকতে পারবেন।

শিশুদের রক্ষা করতে হবে করোনার হাত থেকে, তাই করোনা আক্রান্ত ১ থেকে ৯০ দিনের শিশুদের জন্য ৩৫০ এসএনসিইউ শয্যা বরাদ্দ করা হচ্ছে। সাথে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার কথা মাথায় রেখে ১ হাজার ৩০০ এনআইসিইউ বেড প্রস্তুত করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলার স্বাস্থ্য আধিকারিককে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলতে হবে চলতি বছরের জুলাই – আগস্ট মাসের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত