আর জি করে বড় মোড়! প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত তদন্তের ইঙ্গিত, কী বলছেন অভয়ার বাবা-মা?

আর জি কর কাণ্ডে তিন আইপিএস সাসপেন্ডের পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ভূমিকাও তদন্তের আওতায় আনার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর জি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, তদন্তের আওতায় আনা হবে শুধু পুলিশ আধিকারিকদের নয়, প্রয়োজন হলে তৎকালীন মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পর এই মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছে নির্যাতিতা অভয়ার পরিবার।

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আর জি করের নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব কে বা কার নির্দেশে দিয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। তাঁর কথায়, “এই প্রস্তাব কি তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছিল, নাকি অন্য কারও নির্দেশ ছিল— সবই তদন্ত করে দেখা হবে।”

একইসঙ্গে তিনি ঘোষণা করেন, কলকাতা পুলিশের তৎকালীন তিন আইপিএস আধিকারিক— বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর যুক্তি, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল।

এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন অভয়ার বাবা শেখর দেবনাথ এবং মা রত্না দেবনাথ। অভয়ার মা বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এটা বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ। এবার আরও অনেকে গ্রেপ্তার হবে বলে আশা করছি।”

অভয়ার বাবা শেখর দেবনাথের বক্তব্য, “আমরা প্রথম থেকেই বলছিলাম, অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। যারা আইনের রক্ষক, তারা যেন ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস না পায়, সেই বার্তাই দিল সরকার।”

উল্লেখযোগ্যভাবে, আর জি কর আন্দোলনের সময় অভয়ার মা বিজেপিতে যোগ দেন এবং নির্বাচনী প্রচারেও অংশ নেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠিত হলে আর জি কর মামলার ফাইল নতুন করে খোলা হবে। এবার ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার।

আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোও সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, “রাজ্য সরকার চাইলে অনেক কিছুই সম্ভব। সত্য সামনে আসার পথে এবার আর কোনও বাধা থাকার কথা নয়।”

রাজনৈতিক মহলের মতে, এই তদন্ত যদি সত্যিই উচ্চস্তর পর্যন্ত পৌঁছয়, তাহলে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে তার বড় প্রভাব পড়তে পারে। আপাতত গোটা বাংলার নজর এখন আর জি কর তদন্তের পরবর্তী ধাপের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর