নজরবন্দি ব্যুরো: সোমবার একই দিনে ৭৩টি পঞ্চায়েত মামলার শুনানি রয়েছে। এরই মাঝে আবার নতুন করে পঞ্চায়েত সংক্রান্ত একটি নতুন মামলার আবেদন হবে শুনে বিরক্তি প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
আরও পড়ুন: বাংলা দিয়ে মণিপুরকে আড়াল করা যাবে না, মমতার হয়ে ব্যাট ধরলেন চিদম্বরম
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সাম্প্রতিক সময়ে। এর আগেও একবার বিরক্তি প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আর আজ তো নতুন আবেদন শুনে তিনি রীতিমতো রেগেই গেলেন। তাঁর মতে, এত পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি করতে হলে অন্য সব মামলা পিছিয়ে যাচ্ছে।

এদিন মামলাকারীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি সাফ বলেন, ‘একই বিষয় নিয়ে মামলা চলছেই। আবার কেন নতুন মামলা? এবার আমরা কিন্তু সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব। শেষ কয়েকমাসে অন্য কোনও কাজ করা যাচ্ছে না। আপনারা কি আদালতের সঙ্গে রাজনীতির খেলা শুরু করেছেন? মামলা খারিজ না করে নিলে চব্বিশ ঘন্টার মধ্যে কড়া অর্থদণ্ড দেব’।

প্রসঙ্গত, আজ কলকাতা হাইকোর্টে ৭৩টি পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এর মধ্যে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চেই ২৬টি মামলার শুনানি রয়েছে। এমতাবস্থায় প্রধান বিচারপতির বিরক্ত হওয়া খুব অস্বাভাবিক নয়, আর নতুন মামলার বিষয়ও যদি একই হয় তা হলে তো কথাই নেই। উল্লেখ্য, জরিমানার কথা শুনে মামলাকারী নতুন মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।
সেই একঘেয়ে পঞ্চায়েত মামলা! আবার নতুন আবেদন শুনে বিরক্ত প্রধান বিচারপতি




