কাজু-নারকেল কি সত্যিই হার্টের শত্রু? পুষ্টিবিদের কথায় ভাঙল বহু দিনের ভুল ধারণা

কাজু, কাঠবাদাম ও নারকেলকে অনেকেই হার্টের শত্রু মনে করেন। পুষ্টিবিদ রুজুতা দিবেকরের মতে, সঠিক পরিমাণে খেলে এগুলি বরং হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হার্টের অসুখ এখন প্রায় প্রতিটি পরিবারেই পরিচিত সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার এবং শরীরচর্চার অভাবে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল বাড়ছে দ্রুত। তাই ডাক্তারের পাশাপাশি পুষ্টিবিদরাও জোর দিচ্ছেন সঠিক ডায়েটের উপর। কিন্তু হৃদ্‌রোগীদের মধ্যে এখনও একটি বড় ভুল ধারণা রয়ে গেছে—কাজু, বাদাম বা নারকেল নাকি হার্টের জন্য ক্ষতিকর। সত্যিই কি তা-ই?

জনপ্রিয় পুষ্টিবিদ Rujuta Diwekar-এর মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল। তাঁর বক্তব্য, কাজুবাদাম বা নারকেলে কোলেস্টেরল থাকে না। এগুলি উদ্ভিজ্জ ফ্যাটের ভাল উৎস, যা শরীরের জন্য উপকারী।

রুজুতার কথায়, “খিদে পেলে একমুঠো কাজুবাদাম বা কাঠবাদাম খাওয়া যায়। রান্নায় নারকেল ব্যবহার করতেও ভয় নেই। এগুলি ধমনী বা রক্তনালিতে রক্ত জমাট বাঁধার কারণ হয় না।”

অনেকেই কোলেস্টেরলের ভয়ে এই খাবারগুলি সম্পূর্ণ বাদ দিয়ে দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, সঠিক পরিমাণে খেলে বাদাম বা নারকেল বরং শরীরের জন্য উপকারী। এতে থাকে ভালো ফ্যাট, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য সহায়ক।

তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হলে প্রথমেই যে জিনিসটি বাদ দেওয়া জরুরি, তা হল অ্যালকোহল—এমনই পরামর্শ রুজুতার। তাঁর মতে, অনেকে মনে করেন মাঝেমধ্যে মদ্যপান করলে ক্ষতি হয় না। কিন্তু বাস্তবে যে কোনও ধরনের অ্যালকোহলই শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে।

তিনি জানান, অ্যালকোহল শিরা, ধমনী, হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্ক—সব কিছুর উপরেই নেতিবাচক প্রভাব ফেলে। তাই হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে চাইলে নিয়মিত ব্যায়াম, সুষম খাবার এবং অ্যালকোহল এড়ানোই সবচেয়ে কার্যকর পথ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত