দায়িত্ব নিয়েই কঠোর অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে সরকারের অগ্রাধিকার—এমনই বার্তা দিলেন তিনি। বিকাশভবনে নিজের দপ্তরে এসে জানালেন, এখন থেকে দল-মত নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার দপ্তরে যোগ দিয়েই অগ্নিমিত্রা বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সরকার দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে। তিনি স্পষ্ট করেন, কোনও রাজনৈতিক পরিচয়ই অপরাধীদের রক্ষা করতে পারবে না—বিজেপির পতাকা থাকলেও ছাড় মিলবে না।


নারী সুরক্ষা প্রসঙ্গে তিনি জানান, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেখানে দিন-রাত যেকোনও সময় মহিলারা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবেন। তাঁর কথায়, এতদিন থানায় অভিযোগ জানাতে গেলেও অনেক ক্ষেত্রে এফআইআর নেওয়া হত না, কিন্তু এখন থেকে ‘জিরো এফআইআর’-এর মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবারই মন্ত্রিসভার দপ্তর বণ্টনে অগ্নিমিত্রা পান নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব। দায়িত্ব নেওয়ার পরের দিনই তিনি প্রশাসনিক সক্রিয়তার ইঙ্গিত দেন।
পাশাপাশি, অতীতের একাধিক বিতর্কিত মামলার ফাইলও নতুন করে খোলার ইঙ্গিত দিয়েছেন তিনি। কয়লা ও বালি চুরি-সহ বিভিন্ন দুর্নীতির ঘটনায় আইন মেনে তদন্ত চলবে বলে জানান মন্ত্রী।


একইসঙ্গে নতুন বিজেপি সমর্থকদেরও সতর্ক করে দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর সাফ কথা—দলের নাম ভাঙিয়ে কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আইন সবার জন্য সমান, এই বার্তাই দিতে চান তিনি।







