কলকাতার তপসিয়ায় দুপুরবেলা বহুতলে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা। পাঁচতলা একটি আবাসনে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে, তাতে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও তিন জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন—মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনের।
দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রায় পৌনে ২টো নাগাদ ৫০/১ জিজে খান রোডের একটি ভবনের দোতলায় প্রথম আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। হঠাৎ আগুনে আটকে পড়েন কয়েকজন বাসিন্দা, বেরিয়ে আসতে গিয়ে চরম সমস্যার মুখে পড়েন তাঁরা।
স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে উদ্ধারকাজে বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবুও ঝুঁকি নিয়ে একাধিক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক লক্ষ্য আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা। পরিস্থিতি স্বাভাবিক হলে আগুন লাগার উৎস ও কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পর্যাপ্ততা নিয়েও।



