বুধবার বিধানসভায় শপথপর্ব শুরু বিধায়কদের, প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়

দুই দিনে সম্পন্ন হবে বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাপস রায়—শৃঙ্খলা বজায় রাখতে জারি একাধিক নির্দেশিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বিধানসভার আনুষ্ঠানিক সূচনার কাউন্টডাউন শুরু। মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্ষীয়ান বিজেপি বিধায়ক তাপস রায়, আর তাঁর হাত ধরেই বুধবার থেকে শুরু হবে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব। ইতিমধ্যেই বিধানসভা চত্বরে প্রস্তুতি তুঙ্গে।

বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ১৩ ও ১৪ মে—দু’দিন ধরে চলবে শপথ অনুষ্ঠান। প্রথম দিন, বুধবার সকালে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরপর উত্তরবঙ্গের একাধিক জেলার বিধায়কদের শপথগ্রহণ হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। বিকেলে দক্ষিণবঙ্গের কিছু জেলার প্রতিনিধিরা শপথ নেবেন।

পরের দিন বৃহস্পতিবার বাকি জেলার বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হবে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের জেলাগুলির প্রতিনিধিদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

শপথগ্রহণকে কেন্দ্র করে বিধায়কদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। প্রত্যেক সদস্যকে তাঁদের জয়ের আসল শংসাপত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি পরিচয়পত্র তৈরির জন্য চার কপি রঙিন ছবি আনাও বাধ্যতামূলক করা হয়েছে। বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে একজন বিধায়ক সর্বোচ্চ দু’জন সঙ্গী নিয়ে ঢুকতে পারবেন।

তাপস রায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবার শপথপর্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এবারের অনুষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিশেষ নজর রাখা হচ্ছে, যাতে কোনও বিশৃঙ্খলা ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন