প্লেঅফের আগেই কেকেআরে বড় ধাক্কা? দেশে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন!

পাকিস্তান সফরের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন। প্লেঅফে উঠলেও তাঁকে ছাড়াই খেলতে হতে পারে কেকেআরকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় সমস্যায় পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের দলে জায়গা পেয়েছেন কেকেআরের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে— প্লেঅফে উঠলেও কি গ্রিনকে ছাড়াই নামতে হবে নাইটদের? কারণ আইপিএলের মাঝপথেই তাঁকে দেশে ফিরতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেট মহলে।

ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তান সফরের জন্য যে ওয়ানডে দল ঘোষণা করেছে, সেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হলেও রাখা হয়েছে ক্যামেরন গ্রিনকে। আর সেখান থেকেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

অস্ট্রেলিয়া দলের পাকিস্তানে পৌঁছনোর কথা ২৩ মে। এরপর ৩০ মে, ২ জুন ও ৪ জুন তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। অন্যদিকে আইপিএলের ফাইনাল ৩১ মে। ফলে একই সময়ে দুই টুর্নামেন্ট চলায় আইপিএলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাকিস্তান সফরে পাঠানো হচ্ছে না।

কিন্তু ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে সেই নীতি প্রযোজ্য হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া বা কলকাতা নাইট রাইডার্স— কোনও পক্ষই এখনও এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে অজি দলে গ্রিনের নাম থাকায় কেকেআর সমর্থকদের উদ্বেগ বাড়ছে।

নেটিজেনদের একাংশের প্রশ্ন, তাহলে কি অস্ট্রেলিয়া বোর্ড ধরে নিয়েছে কেকেআর প্লেঅফে উঠবে না? নাকি প্লেঅফের আগেই দেশে ফিরিয়ে নেওয়া হবে গ্রিনকে? কারণ আইপিএলের ‘বিজনেস এন্ডে’ তাঁর অনুপস্থিতি কেকেআরের জন্য বড় ধাক্কা হতে পারে।

অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, পাকিস্তান সফর তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ। তাঁর কথায়, “কঠিন বিদেশ সফরের চাপ তরুণরা কীভাবে সামলায়, তা দেখার জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ।”

উল্লেখযোগ্যভাবে, লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা মিচেল মার্শকেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হয়েছে। এলএসজি ইতিমধ্যেই প্লেঅফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় তাঁর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচিতে আইপিএলের প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, দেশের হয়ে খেলার গুরুত্ব বাড়াতে প্যাট কামিন্সকে বছরে প্রায় ৩৭ কোটি টাকার নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই ধরনের প্রস্তাব পেয়েছেন ট্র্যাভিস হেডও।

সব মিলিয়ে পরিষ্কার, আইপিএল এখন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট সূচির উপরেও বড় প্রভাব ফেলছে। আর সেই আবহেই ক্যামেরন গ্রিনকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছে কেকেআর শিবিরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত