দল হারল, কিন্তু আলো কেড়ে নিল এক কিশোর। মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস বড় ব্যবধানে হারলেও, বৈভবের ব্যাটে দেখা গেল রেকর্ডের ঝড়। মাত্র ৫১৪ বলে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে নজির গড়লেন তিনি।
ঘরের মাঠে ২৩০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বৈভব। সিরাজকে লং-অন দিয়ে ছক্কা মেরে নিজের ইনিংস শুরু করেন বাঁহাতি ওপেনার। সেই ছক্কাই তাঁকে পৌঁছে দেয় ঐতিহাসিক রেকর্ডে।


এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড ছিল অস্ট্রিয়ার করণবীর সিংয়ের নামে। তিনি এই কীর্তি গড়েছিলেন ৮১৩ বলে। তালিকায় রয়েছেন কাইরন পোলার্ড, রোমারিও শেফার্ড, সিক্কুগে প্রসন্ন ও রহকিম কর্নওয়ালের মতো পাওয়ার-হিটাররাও। কিন্তু বৈভব সেই রেকর্ড ভেঙে দিলেন অনেক কম বলে। মাত্র ৫১৪ বলেই ছক্কার সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। বয়স তখন ১৫ বছর ৪৩ দিন।
২০২৪ সালে আইপিএলে অভিষেকের পর এখনও পর্যন্ত মাত্র ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বৈভবের নামের পাশে ১০২টি ছক্কা। চলতি আইপিএলেই তিনি হাঁকিয়েছেন ৪০টি ছয়। ফলে এক মরশুমে সর্বাধিক ছক্কার রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে তাঁর সামনে। এই মুহূর্তে সেই রেকর্ড রয়েছে অভিষেক শর্মারর নামে, যিনি এক মরশুমে ৪২টি ছক্কা মেরেছিলেন।
শুধু তাই নয়, আইপিএলের পাওয়ার প্লে-তে এক মরশুমে সর্বাধিক ছক্কার নজিরও এখন বৈভবের দখলে। চলতি মরশুমে প্রথম ছ’ওভারের মধ্যেই ৩০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ডও ছিল অভিষেক শর্মার নামে।


তবে বৈভবকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে মোড় ঘুরিয়ে দেন সিরাজ। কিশোর ব্যাটার আউট হতেই ধসে পড়ে রাজস্থানের ব্যাটিং। ৩৮ রানেই প্রথম ধাক্কা খাওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে ‘পিঙ্ক আর্মি’। যশস্বী বড় রান পাননি। কিছুটা লড়াই করেন রবীন্দ্র জাদেজা।
শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। রশিদ খান এবং জেসন হোল্ডারের দুরন্ত বোলিং গুজরাটকে বড় জয়ের পথে নিয়ে যায়। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট টাইটান্স। অন্যদিকে রাজস্থান নেমে গেল পাঁচ নম্বরে।
তবু ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা একটাই— ১৫ বছরের বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিং দেখে অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট হয়তো ভবিষ্যতের নতুন সুপারস্টারকে পেয়ে গিয়েছে।







