এল ক্লাসিকোতে রিয়াল বিধ্বস্ত! ২৯তম লা লিগা জিতে ইতিহাস গড়ল বার্সেলোনা

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই ২৯তম লা লিগা খেতাব জিতে নিল বার্সেলোনা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চ্যাম্পিয়ন হতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু ড্র নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরাসরি উড়িয়ে দিয়েই লা লিগা জয়ের উৎসবে মাতল বার্সেলোনা। এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে জিতে তিন ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লিগের মুকুট নিজেদের দখলে রাখল হান্সি ফ্লিকের দল। মার্কাস র‍্যাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা খেতাব নিশ্চিত করল কাতালানরা। ব্যক্তিগত শোকের মধ্যেও দলের জয়ে আবেগঘন রাত কাটালেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের ঠিক বাইরে ফেরান তোরেসকে ফাউল করেন আন্তোনিও রুডিগার। সেই সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত ফ্রি-কিকে সরাসরি গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড। এল ক্লাসিকোতে বার্সার হয়ে শেষবার সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মেসি , ২০১২ সালে। দীর্ঘ ১৪ বছর পরে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ইংলিশ তারকা।

প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয়বার কাঁপে রিয়ালের জাল। বাঁ দিক দিয়ে দুরন্ত আক্রমণে উঠে ক্রস বাড়ান জোয়াও কানসেলো। দানি ওলমোর বুদ্ধিদীপ্ত টাচ থেকে বল পৌঁছে যায় ফেরান তোরেসের সামনে। সহজ সুযোগ নষ্ট করেননি স্প্যানিশ ফরোয়ার্ড। ১৮ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বার্সা।

অন্যদিকে, মাঠের বাইরের অস্থিরতা যেন প্রভাব ফেলেছিল রিয়ালের খেলাতেও। ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়াঁ চুয়ামেনির দ্বন্দ্ব, ড্রেসিংরুমের অশান্তি এবং কিলিয়ান এমবাপের চোট— সব মিলিয়ে চাপে ছিল দল। ম্যাচে গন্সালো গার্সিয়া, ভিনিসিয়াস জুনিয়ররা সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি। মাঝমাঠে সংঘর্ষ, উত্তেজনা— সবই ছিল। ৬৩ মিনিটে জুড বেলিংহ্যামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর লেভানডোভস্কি, রাফিনিয়ারা ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন। রিয়ালও গোল শোধ করতে পারেনি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে ফেটে পড়ে ক্যাম্প ন্যু। ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পৌঁছে যায় ধরাছোঁয়ার বাইরে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭। বাকি তিন ম্যাচ জিতলেও বার্সাকে আর টপকানো সম্ভব নয়।

ফলে টানা দ্বিতীয় মরশুমে লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এই নিয়ে ২৯ বার স্প্যানিশ লিগ জয়ের নজির গড়ল কাতালান ক্লাবটি। অন্যদিকে, মরশুম শেষ হলো ট্রফিহীনভাবেই রিয়াল মাদ্রিদ -এর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর