নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের রাজ্যের বিরাট ধাক্কার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হল সোনালী চক্রবর্তীকে। তিন মাসের জন্য অস্থায়ী উপাচার্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, সোনালীর পদে আশীষ কে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন রাজ্যপাল লা গণেশন।
আরও পড়ুনঃ ব্রিটেনের কুর্সিতে বিরাট বদল, ৪৫ দিনের মাথায় মধ্যে ইস্তফা দিলেন #LizTruss


উল্লেখ্য, ২০২১ সালের অগস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই সময়ে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় এই নিয়োগে অনুমতি দেয়নি। রাজভবনের সিলমোহর ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। মামলাকারীর পিটিশনে উল্লেখ করা হয়, একটা গনতান্ত্রিক দেশের রাজ্য সরকার যদি সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করে, রাজ্যপাল তথা রাজভবনকে পাশ কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় পছন্দের লোক বসায় তাহলে সেখানে সংকট অনিবার্য।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্ত ‘বেআইনি’ বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ও হিমা কোহলির এজলাসে সেই মামলার শুনানি হয়।


শীর্ষ আদালতও সোনালির উপাচার্য পদে পুনর্নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল।অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুর্ননিয়োগ করা যাবে না।
সোনালীর পদে আশীষ, আগামী দিনে টান পড়বে বাকি বিশ্ববিদ্যালয়েও

উল্লেখ্য, সোনালি চক্রবর্তীর নিয়োগ ইউজিসির গাইডলাইন মেনে হয়নি, এই অভিযোগকে সামনে রেখে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই তাঁকে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের এই মামলায় পর্যবেক্ষণ ছিল, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের এক্তিয়ার নেই।








