দু বছর পরেই ফের পদে ফিরবেন সৌরভ! কিন্তু কেন দাদাকে এখন দায়িত্ব থেকে সরিয়ে দিল DC?

ফ্র্যাঞ্চাইজির দুটি মালিক জেএসডব্লু স্পোর্টস ও জিএমআর গ্রুপ। আইপিএলে দিল্লির পুরুষদের দল ছাড়াও আছে মহিলাদের দল ও দক্ষিণ আফ্রিকার লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লি ক্যাপিটালস একসঙ্গে নতুন কোচ ও ডিরেক্টর অব ক্রিকেটের নাম ঘোষণা করেছে। তারপর থেকে আলোচনা শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। এতদিন তিনি দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন। কিন্তু এ বার থেকে আর তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সরাসরি অংশ নন। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁর সঙ্গে কি সম্পর্ক ভাঙল দিল্লির দলের?

বৃহস্পতিবার দুপুর থেকেই ভারতীয় ক্রিকেটমহলে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই বলছেন দলের হেড কোচের পদ থেকে আগেই রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে এবার তাহলে কি সৌরভকে সরিয়ে দেওয়া হল। এখন ভক্তেরা প্রশ্ন করছেন তাহলে কি তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙল দিল্লির দলের? সেরকমটা নয়। বরং জানা যাচ্ছে, আইপিএলে দিল্লির নিলামের মঞ্চেও উপস্থিত থাকতে পারেন দাদা। কিন্তু কী ভাবে?

সূত্রের খবর, এই ফ্র্যাঞ্চাইজির দুটি মালিক জেএসডব্লু স্পোর্টস ও জিএমআর গ্রুপ। আইপিএলে দিল্লির পুরুষদের দল ছাড়াও আছে মহিলাদের দল ও দক্ষিণ আফ্রিকার লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস। তাদের চুক্তি অনুযায়ী প্রতি দুবছরে ম্যানেজমেন্ট হস্তান্তর হয়। এবার যেমন আইপিএলে পুরুষদের দলের দায়িত্বে এল জিএমআর গ্রুপ। আবার জেএসডব্লু গ্রুপ এই দায়িত্বে আসবে ২০২৭ সালে। ততদিনে তারা মহিলাদের দল ও দক্ষিণ আফ্রিকার দলের দায়িত্ব সামলাবেন।

ফলে কোনওভাবেই সৌরভের সঙ্গে সম্পর্ক ভাঙছে না দিল্লির। কারণ, তিনি মূলত জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে। সেই বিষয়ে পার্থ জিন্দাল বলেন, “দাদা সব সময়ই জেএসডব্লু স্পোর্টসে স্পেশাল জায়গায় আছেন। আমাদের কাছে তিনি প্রথমে পরিবারের সদস্য। পরে তিনি ক্রিকেটের আইকন।”

২০২৭ সাল থেকে আবার তিনি আইপিএলে ফিরবেন, যখন জেএসডব্লু স্পোর্টস আবার দায়িত্বে আসবে। দিল্লি ক্যাপিটালস শিবিরের টেকনিক্যাল সিদ্ধান্তের জন্য সৌরভ এখন আইপিএলে দিল্লির পুরুষদের টিমের সঙ্গে অতি সক্রিয় ভাবে যুক্ত থাকছেন না। এটা এক প্রকাশের কুলিং অফ বলা যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত