মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতে তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একই ধরনের হামলা এ দেশেও হতে পারে—এমন ইঙ্গিত দিয়ে বিতর্কের কেন্দ্রে মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াদেত্তিয়া। তাঁর মন্তব্য ঘিরে শাসক-বিরোধী দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে।
সম্প্রতি হোয়াইট হাউসের এক নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর গুলিচালনার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই ওয়াদেত্তিয়ার দাবি, আমেরিকার মতোই ভারতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছে, যা ভবিষ্যতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।


তাঁর বক্তব্য, “আমেরিকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রতিফলন ভারতে দেখা যাচ্ছে। বাইরে থেকে শান্ত মনে হলেও মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।” যদিও তিনি সরাসরি কোনও হামলার পক্ষে সওয়াল করেননি, তাঁর মন্তব্যের ইঙ্গিত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
ওয়াদেত্তিয়ারের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা অভিযোগ করেছেন, এই ধরনের মন্তব্য আসলে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হিংসা উসকে দেওয়ার শামিল। তাঁর দাবি, “এ ধরনের বক্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। কংগ্রেস শিবির যদিও বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, তবুও নির্বাচনী আবহে এমন মন্তব্য যে বিতর্ক উসকে দেবে, তা বলাই বাহুল্য।









