বিধানসভা ভোটের উত্তাপে যখন রাজ্য রাজনীতি চরমে, ঠিক তখনই ব্যক্তিগত নিরাপত্তা ও নারী মর্যাদা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী-রাজনীতিক রূপাঞ্জনা মিত্র। বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে লক্ষ্য করে লাগাতার কটূক্তি ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
প্রচারের ফাঁকে সামাজিক মাধ্যমে লাইভে এসে ক্ষোভ উগরে দেন রূপাঞ্জনা। তাঁর অভিযোগ,বিজেপি সমর্থকদের একাংশ নিয়মিত অশালীন ভাষায় আক্রমণ করছেন। শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সদস্যদের—এমনকি বৃদ্ধা মাকেও—নানা কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হচ্ছে।


রূপাঞ্জনার বক্তব্য, “রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তাই বলে একজন মহিলাকে এভাবে হুমকি দেওয়া যায় না।” দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে নিজের জায়গা তৈরি করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সেই পরিচয়কে আঘাত করে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।
সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি আসে তাঁর সরাসরি আক্রমণে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন, তারপর আবার নারী সুরক্ষার কথা বলেন।” এই মন্তব্য ঘিরেই তীব্র বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এখানেই থামেননি তিনি। রূপাঞ্জনা স্পষ্ট জানান, যাঁরা তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। শিগগিরই থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।


এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিদ্বেষ এবং ব্যক্তিগত আক্রমণের প্রশ্ন। ভোটের আবহে তা আরও তীব্র হচ্ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।







