ভোটের আগে যুবসমাজকে কেন্দ্র করে বড় চাল বিজেপির। আর্থিক সহায়তা থেকে কর্মসংস্থান—একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে সামনে এল ‘যুবশক্তি ভরসা কার্ড’। নিউটাউনের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্ড প্রকাশ করে বিজেপি জানাল, যুবদের ভবিষ্যৎ সুরক্ষায় একাধিক পরিকল্পনা তাদের সঙ্কল্পপত্রে রয়েছে—এবং এই কার্ড সেই প্রতিশ্রুতিরই গ্যারান্টি।
Leander Paes এবং Vijender Singh-এর উপস্থিতিতে প্রকাশিত এই কার্ডে যুবকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্রতিশ্রুতি রাখা হয়েছে। বিজেপির দাবি, কর্মসংস্থান ও উদ্যোগ বাড়িয়ে যুব সমাজকে রাজ্যে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ।


কী কী প্রতিশ্রুতি রয়েছে যুবশক্তি ভরসা কার্ডে?
- চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা
- আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি
- প্রতি বছর SSC, TET-সহ নিয়োগ পরীক্ষা আয়োজন
- সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড়
- স্টার্টআপে উৎসাহ দিতে ৫ লক্ষ যুবক-যুবতিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
কী বললেন লিয়েন্ডার পেজ?
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে Leander Paes বলেন, গত কয়েক বছরে রাজ্যে চাকরি ও শিক্ষার পরিস্থিতি খারাপ হয়েছে। বহু যুবক কাজ ও পড়াশোনার জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাঁর মতে, নতুন সুযোগ তৈরি করে সেই যুব সমাজকে ফের বাংলায় ফিরিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য।
নারী ভোটেও নজর
উল্লেখযোগ্যভাবে, এর আগেই বিজেপি ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করেছে, যেখানে মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প ও মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার কথাও বলা হয়েছে।
রাজনৈতিক তাৎপর্য
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুব ও নারী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই এই দ্বিমুখী কৌশল নিয়েছে বিজেপি। সরাসরি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ভোটের আগে বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করা হচ্ছে।










