হট্টগোল, ভোটাভুটি—তবু আটকাল না! সংসদে পেশ মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল

লোকসভায় ভোটাভুটিতে জয় পেলেও মহিলা সংরক্ষণ বিল পাস করানো কঠিন চ্যালেঞ্জ, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস নিয়ে তীব্র বিরোধিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সংসদে তীব্র বিরোধিতা, স্লোগান, এমনকি ভোটাভুটিও—কিছুই থামাতে পারল না কেন্দ্রের বড় রাজনৈতিক পদক্ষেপ। মহিলাদের জন্য আসন সংরক্ষণ এবং লোকসভা আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পেশ হল প্রবল হট্টগোলের মধ্যেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারপক্ষ বিল পেশের অনুমতি পেয়ে যাওয়ায়, নতুন করে রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে দিল্লিতে।

এদিন লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, অর্থাৎ ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পেশ করেন আইনমন্ত্রী Arjun Ram Meghwal। একই সঙ্গে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাবসহ আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলও পেশ করা হয়।

বিল পেশের আগেই তীব্র আপত্তি তোলে বিরোধী শিবির। K. C. Venugopal ভোটাভুটির দাবি জানান। প্রথমে স্পিকার তা মানতে না চাইলেও বিরোধীদের লাগাতার স্লোগান ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ভোটাভুটি করতেই হয়।

ভোটাভুটির ফলাফলে স্পষ্ট হয়ে যায় সরকারের সংখ্যাগত সুবিধা। বিল পেশের পক্ষে ভোট পড়ে ২০৭টি, বিপক্ষে ১২৬টি। তবে লক্ষণীয়, এত গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে সরকার ও বিরোধী—উভয় পক্ষেরই বহু সাংসদ অনুপস্থিত ছিলেন। এনডিএ-র অন্তত ৮৬ জন সাংসদ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে, অন্যদিকে বিরোধী জোটেও অনুপস্থিতির সংখ্যা উল্লেখযোগ্য।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে এই ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ ইতিমধ্যেই সংসদে পাস হয়েছিল, যেখানে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়। তবে তখন শর্ত ছিল—নতুন জনগণনার পর আসন পুনর্বিন্যাস করে সেই সংরক্ষণ কার্যকর করা হবে।

এবার সেই শর্তেই আপত্তি বিরোধীদের। কেন্দ্র চাইছে, নতুন জনগণনার অপেক্ষা না করে ২০১১ সালের তথ্যের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করে সংরক্ষণ কার্যকর করতে। এই সিদ্ধান্তের বিরোধিতায় একজোট হয়েছে ‘ইন্ডিয়া’ জোট।

সংবিধান সংশোধনী বিল পাস করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সব সাংসদ উপস্থিত থাকলে ৩৬২টি ভোট দরকার হবে। বর্তমানে এনডিএ-র সংখ্যা ২৯৩ হওয়ায় এই লক্ষ্য অর্জন সহজ নয়। ফলে আগামী দিনে এই বিল ঘিরে আরও রাজনৈতিক টানাপোড়েন বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত