মহিলা সংরক্ষণ বিল ঘিরে সংসদে চড়ল রাজনৈতিক উত্তাপ। সমর্থনের আবেদন জানালেও তাতে ছিল স্পষ্ট বার্তা—বিরোধিতা করলে রাজনৈতিক মাশুল গুনতে হবে। লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী Narendra Modi এই বিলকে “বিকশিত ভারতের ঐতিহাসিক পদক্ষেপ” বলে ব্যাখ্যা করে সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন।
মোদির বক্তব্য, “এই বিলের বিরোধিতা করলে দেশের মহিলারা ক্ষমা করবেন না।” তাঁর সাফ কথা—এই ইস্যুতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। “আপনারা হয় নারীদের পাশে, নয় তাঁদের বিরুদ্ধে”—এই ভাষাতেই বিরোধী শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করেন তিনি।


প্রধানমন্ত্রীর নিশানায় ছিল মূলত কংগ্রেস। পঞ্চায়েত স্তরে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন—“তাহলে এখন সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ বাড়ানোর বিলে আপত্তি কেন?”
তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি—এই বিলের বিরোধিতা করলে তার রাজনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। “এখন বিরোধিতা করলে বহুদিন তার মাশুল গুনতে হবে”—এই মন্তব্যে রাজনৈতিক বার্তা আরও তীব্র হয়ে ওঠে।
লোকসভায় তাঁর বক্তব্য চলাকালীন বিরোধী বেঞ্চ থেকে হইচই হলেও, তা উপেক্ষা করেই নিজের বক্তব্য জারি রাখেন প্রধানমন্ত্রী।


রাজনৈতিক মহলের মতে, এই বিল ঘিরে শুধু আইন প্রণয়ন নয়, বরং নারী ভোটব্যাঙ্ক এবং জনমতকে সামনে রেখে বড় রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে।








