৮ম বেতন কমিশনে বড় চমক! ন্যূনতম বেতন ৬৯ হাজারের প্রস্তাব, আদও হবে কী?

৮ম বেতন কমিশনে কর্মীদের ন্যূনতম বেতন ৬৯ হাজার করার প্রস্তাব, পেনশন ও ভাতা কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত—সরকারের সিদ্ধান্তের অপেক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবরের ইঙ্গিত। অষ্টম বেতন কমিশনকে ঘিরে সামনে এল একাধিক বড় প্রস্তাব—যা কার্যকর হলে বদলে যেতে পারে বেতন কাঠামো থেকে পেনশন, এমনকি ছুটির নিয়মও। কর্মী সংগঠনগুলির দাবিতে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসনিক মহল।

National Council – Joint Consultative Machinery-র ড্রাফ্ট কমিটি তাদের রিপোর্টে সুপারিশ করেছে, কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেসিক বেতন বাড়িয়ে ৬৯,০০০ টাকা করা হোক। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে এই বেতন মাত্র ১৮,০০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার প্রস্তাবও দেওয়া হয়েছে, যা কার্যকর হলে বেতন ও পেনশনে বড়সড় বৃদ্ধি হতে পারে।

Shamim Ahamed Ads

ইউনিয়নগুলির দাবি, এই পরিবর্তনগুলি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা হোক, যাতে কর্মীরা কোনও আর্থিক ক্ষতির মুখে না পড়েন।

 বেতন ও ইনক্রিমেন্টে বড় পরিবর্তনের দাবি

প্রতি বছরের ইনক্রিমেন্ট ৬% করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান ১৮টি পে-লেভেল কমিয়ে ৭টি বড় স্তরে আনার সুপারিশ করা হয়েছে, যাতে প্রমোশন সহজ হয়।

এই নতুন কাঠামো চালু হলে মধ্যম স্তরের কর্মীদের বেতন ১.৩৫ লক্ষ থেকে ২.১৫ লক্ষ টাকার মধ্যে পৌঁছতে পারে।

পেনশন ব্যবস্থায় বড় বদলের ইঙ্গিত

সবচেয়ে বড় বিতর্কের জায়গা—পুরনো পেনশন স্কিম (OPS)। প্রস্তাব অনুযায়ী, ২০০৪ সালের পর যোগ দেওয়া কর্মীদের জন্যও এই স্কিম ফের চালু করার দাবি উঠেছে।

কমিটির মতে:

  • অবসরকালীন পেনশন হওয়া উচিত শেষ বেতনের ৬৭%
  • ফ্যামিলি পেনশন ৫০%
  • প্রতি ৫ বছরে পেনশন রিভিউ বাধ্যতামূলক

 ভাতা ও ছুটিতে নতুন সুবিধা

রিপোর্টে কর্মীদের সুবিধা বাড়ানোর জন্য একাধিক সুপারিশ করা হয়েছে—

  • হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) কমপক্ষে ৩০%
  • মেট্রো শহরে আরও বেশি HRA
  • মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ২৪০ দিন
  • পিতৃত্বকালীন ছুটি বাড়ানোর দাবি
  • পরিবারের যত্নের জন্য বিশেষ ছুটি

 এখন কী হবে?

এই সমস্ত প্রস্তাব এখনও সুপারিশ মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার ও মন্ত্রিসভা। তবে কর্মী সংগঠনগুলির প্রভাব থাকায় এই দাবিগুলির গুরুত্ব যথেষ্ট বলেই মনে করা হচ্ছে।

সরকার যদি আংশিকভাবেও এই প্রস্তাব মেনে নেয়, তাহলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। আগামী কয়েক মাসেই বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত