নজরবন্দি ব্যুরো: বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাড়ির অদূরে ঝোপ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামুরিয়ায়। দলীয় কর্মীর মৃত্যুতে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Recruitment Scam: মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, সকাল ১১ টা থেকে চলছে তল্লাশি


স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অশোক চক্রবর্তী। জামুরিয়ার হিজলগড়া গ্রামের সূত্রধর পাড়ার বাসিন্দা। সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত তিনি। রবিবার সকালে ওই যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের ভিতর ক্ষতবিক্ষত অবস্থায় একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করেন অশোকের দাদা ধনঞ্জয় চক্রবর্তী। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, অশোক চক্রবর্তী বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কিন্তু মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। যুবক কীভাবে ঝোপের এলাকায় গেল তা নিয়েও প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। তবে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এনেছে গেরুয়া শিবির।



স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে তৃণমূল। সেই কারণেই তাদের দলের একজন কর্মীকে খুন করেছে। দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং উপযুক্ত কড়া শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।
BJP কর্মীর রহস্যমৃত্যু! কাঠগড়ায় তৃণমূল








