নজরবন্দি ব্যুরোঃ ১৮ থেকে কমে ৯, লোকসভার লক্ষ্যে দিলীপদের ট্রেনিং ‘বাধ্যতামূলক’ করল বিজেপি! ২০২১ সালের নির্বাচনে ২০০ আসন পাচ্ছিই… এই বার্তা দলীয় সমর্থকদের দিয়েছিলেন মোদী শাহরা। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। ২০০ আসন তো দূরের কথা ১০০ও পেরোয় নি বিজেপির আসন সংখ্যা। মাত্র ৭৭এই শেষ।
আরও পড়ুনঃ প্রি-প্ল্যানড বিজেপি বিক্ষোভ! ৭ মিনিটেই ভাষণ শেষ করে চলে গেলেন ধনখড়
এদিকে বিধানসভা ভোটের এই বিপর্যয় চিন্তার ভাঁজ বাড়িয়েছে দিল্লীর শীর্ষ নেতৃত্বের কপালে। কারন গতবার অর্থাৎ ২০১৯ সালের লকসভা নির্বাচনে রাজ্যের ১৮ টি লোকসভা আসনে জয় লাভ করেছিল বিজেপি। এগিয়েছিল রাজ্যের ১২১ টি বিধানসভা আসনে। কিন্তু সেই ১২১ টি আসনের ধারে কাছে যাওয়া হয়নি ২১ বিধানসভায়। অন্যদিকে বিধানসভা ভিত্তিক ফলের ভিত্তিতে ১৮ টির মধ্যে মাত্র ৯ টি আসনে লিড রয়েছে বিজেপির।
১৮ থেকে কমে ৯, হিসেব বলছে, রাজ্যের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী এবং খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসনেই পিছিয়ে বিজেপি। তাই এখন থেকেই ২০২৪ সালের সাধারণ নির্বাচনের দিকে নজর বিজেপি-র। এর জন্য বিজেপি-র সর্বস্তরের নেতা কর্মীদের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ নিতে হবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে একেবারে মণ্ডল (শহর) স্তরের নেতাদের। সাত সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ চলবে বলে জানা গিয়েছে। এ জন্য কেন্দ্রীয় ভাবে সাতটি বিষয়ও ঠিক করে দেওয়া হয়েছে। যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাত মন্ত্র বলেই মনে করছেন রাজ্য বিজেপি-র নেতারা।
জানা গিয়েছে অনেকটা পিরামিড পদ্ধতিতে হবে এই ট্রেনিং। সপ্তাহে একদিন করে সাত সপ্তাহ ধরে এক জন কেন্দ্রীয় নেতা রাজ্য নেতাদের প্রশিক্ষণ দেবেন। ক্লাস চলবে দেড় ঘণ্টা, ক্লাসে অংশ নেবেন রাজ্যের সব পদাধিকারী। থাকবেন সব সাংসদ এবং জেলা সভাপতিরা। যে বিষয়ে প্রশিক্ষণ হবে সেটা পরের বুধবার রাজ্যের কোনও জেলার নেতা, বিধায়ক এবং মণ্ডল সভাপতিদের শেখাবেন। সেই একই বিষয়ে জেলার নেতারা পরের শনিবার মণ্ডল পদাধিকারীদের প্রশিক্ষণ দেবেন।



