সোমবার থেকেই ফের সক্রিয় বৃষ্টি, কলকাতা-সহ বাংলায় হলুদ সতর্কতা, ভারী বর্ষণের পূর্বাভাস

সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দু’দিন বৃষ্টির দাপট কিছুটা কমলেও স্বস্তির মেয়াদ আর বেশি নয়। সোমবার থেকেই ফের বাড়তে পারে বৃষ্টি। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে শ্রীগঙ্গানগর থেকে একটি মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ এলাকার উপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা এবং গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত আরেকটি অক্ষরেখা সক্রিয় রয়েছে।

এই একাধিক আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবেই বাংলায় ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হলুদ সতর্কতাও জারি থাকবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

এদিকে রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দেখা মিলেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উত্তরবঙ্গেও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। সপ্তাহজুড়েই একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনাই দেখছে হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর