নজরবন্দি ব্যুরোঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর তাঁর আগেই বাংলায় আইনশৃঙ্খলা নিয়ে বার বার বিরোধীদের প্রশ্নের মুখে শাসকদল। এই পরিস্থিতিতে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল চাইছে বিজপি। সেই ভাবেই আজ নির্বাচন কমিশনকে চিঠি দিল বঙ্গ বিজেপি। এদিন দলের হয়ে চিঠি দিলেন বিজেপির সম্পাদক সাংসদ স্বপন দাশগুপ্ত।
আরও পড়ুনঃ চাকরির গ্যারান্টি কার্ড বিলি! বিজেপি-কে চম্বলের ডাকাত বলে আক্রমণ মমতার।


গত ১০ ডিসেম্বর বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফর ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এইদিন ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে সরিষা, শিরাকোল, দেবীপুর একাধিক জায়গায় তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয়। ভাঙচুর চলে গাড়িতে। আক্রান্ত হন একাধিক বিজেপি নেতা।
এই ঘটনা নিয়ে রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। ঘটনাস্থল থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেই নালিশ জানান জেপি নাড্ডা। এ নিয়ে নবান্নে চিঠি পাঠিয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করে স্বরাষ্ট্র্মন্ত্রক। এ নিয়ে ফের সংঘাতে জড়ায় কেন্দ্র-রাজ্য। এবার সেই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তাঁরা।
বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তের অভিযোগ, ”বাংলার পরিস্থিতি কাশ্মীরের চেয়েও খারাপ। আমরা চাই, এখানে দ্রুত নির্বাচনী বিধি লাগু করা হোক।” এই চিঠিতে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তৃণমূল এবং পুলিশের উদাসীনতায় যেভাবে রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, তাতে নির্বাচনী প্রচার করা তাঁদের পক্ষে কঠিন। তাই দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।









