নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এক টেবিলে BJP প্রার্থী, আর সেই ছবিকেই হাতিয়ার করে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘটনার সুত্রপাত আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পোস্ট করা একটি ছবি থেকে।
আরও পড়ুনঃ শাসকদলের হয়ে কাজ করছে এলাকার পুলিশ, বিক্ষোভে থানা ঘেরাও বিজেপি প্রার্থীর


রাত পোহালেই রাজ্যের ৬জেলার ৪৫টি আসনে ভোট। তার মধ্যে আছে রানাঘাট উত্তর পূর্ব। আর নির্বাচনের আগের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেখানের বিজেপি প্রার্থীর মধ্যাহ্ন ভোজনের ছবি শেয়ার করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ছবিতে দেখা গেছে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস, চার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং অপর এক ব্যক্তি একই সঙ্গে একই টেবিলে খাবার খাচ্ছেন। আর সেই ছবিকেই হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহুয়া মৈত্র কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
এর আগেও একাধিক বার তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে রাজ্যে বিভিন্ন বিষয়ে বিজেপির দিকে পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। বাংলায় ভোট নকশাতেও বিজেপির সঙ্গে নির্বাচন কমিশন মিলে আছে বলেও দাবি করেছেন শাসক দলের নেতারা। এবার গেরুয়া শিবিরের নেতার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ছবি সামনে এনে বিজেপি কমিশনের আঁতাতের চিত্র আরো একবার ফুটিয়ে তুলতে চেয়েছে শাসক দল।
ছবিটি টুইটারে পোস্ট করে নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে অনুরোধ করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সূত্রের খবর ওই ছবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে যাবে ঘাসফুল শিবির।









