বিহার নির্বাচনে নীতীশ কুমারকে মুখ করে ভোটে নেমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ঐতিহাসিক সাফল্য। আর সেই জয়ের পরই প্রশ্ন উঠছে বাংলার রাজনৈতিক মহলে—২০২৬-এ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?
দুই নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে— শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সূত্রের দাবি, শেষ পর্যন্ত পদ্ম শিবির শুভেন্দুকেই সামনে এনে লড়াইয়ে নামতে চলেছে।
গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ ঘোষণা করেনি। সেই সিদ্ধান্তকে ভুল বলেই মনে করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ বাংলার ভোটাররা মুখ দেখে ভোট দেন—এই বাস্তবতা এখন বিজেপিও স্পষ্টভাবে উপলব্ধি করছে। তাই এবার আগে থেকেই স্পষ্ট বার্তা দিতে চাইছে দল।


দলেরই একটি গুরুত্বপূর্ণ সূত্র জানাচ্ছে—
“২০২৬-এ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারীই হবেন। প্রথমবারের মতো তাঁকে সামনে রেখেই রণকৌশল সাজানো হচ্ছে।”
বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? শুভেন্দুর পাশাপাশি আলোচনায় অভিজিৎ-এর নামও!!

বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের সংগঠনের উপর তাঁর নিয়ন্ত্রণ, দুই মিলিয়েই তাঁকে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। বিশেষ করে তৃণমূলকে লক্ষ্য করে তাঁর ধারালো আক্রমণ এবং গ্রাউন্ড নেটওয়ার্ক বিজেপির কাছে বড় সম্পদ।
এদিকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার দায়িত্বে। একদিকে শমীকের সংগঠনিক দক্ষতা, অন্যদিকে শুভেন্দুর আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান—এই দ্বিমুখী সমন্বয় দিয়েই ২০২৬-এর যুদ্ধে নামতে চাইছে বিজেপি।


দলের এক শীর্ষ নেতা বলেন—
“শুভেন্দু অধিকারী আমাদের একমাত্র মুখ। উনি সামনে থাকলে জয় আরও কাছাকাছি।”
সেই সঙ্গে তিনি নিশ্চিত করেন, শমীক ভট্টাচার্য এই রণকৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
তবে রাজ্য রাজনীতিতে অন্য নামও ঘুরছে। তা হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়—যিনি আদালতের পর্যবেক্ষণের জন্য জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। বিজেপির একাংশ মনে করছে, অভিজিৎ-ও এক সম্ভাব্য মুখ, যিনি দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে অনেক মানুষের মনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এই সম্ভাবনা খোলাখুলি স্বীকার করেনি।
বিজেপির পরিকল্পনা আরও স্পষ্ট—
কেন্দ্রের উন্নয়ন প্রকল্প, দুর্নীতি বিরোধী প্রচার, চাকরি দুর্নীতি এবং কাটমানি ইস্যু—সব মিলিয়ে একটি বৃহত্তর ন্যারেটিভ তৈরি করা হবে। তার কেন্দ্রেই থাকবেন শুভেন্দু অধিকারী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এবার বিহারের মডেলই বাংলায় প্রয়োগ করতে চাইছে—আগেভাগে মুখ দেখানো, জোটকে শক্ত করা এবং মহিলাদের ভোটব্যাঙ্কে সরাসরি টার্গেট।
এই তিন কৌশল নিয়েই লড়াই হবে ২০২৬-এ।
প্রশ্ন এখন একটাই—
তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ থাকছেন শুভেন্দু, নাকি শেষ মুহূর্তে অন্য কোনও চমক দেখাবে পদ্ম শিবির? উত্তর মিলবে আগামী নির্বাচনী বছরে, কিন্তু রাজনৈতিক অলিন্দে জল্পনা এখন তুঙ্গে।







