বাংলা চলচ্চিত্র ও আবৃত্তি জগতের পরিচিত মুখ বিপ্লব দাশগুপ্ত আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দেড় বছর ধরে অটোইমিউন রোগে ভুগছিলেন এই প্রবীণ শিল্পী।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও সংস্কৃতির জগতে সক্রিয় ছিলেন বিপ্লব। বড় পর্দায় তাঁর যাত্রা শুরু ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত Shadows of Time ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে একাধিক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন তিনি।


বাইশে শ্রাবণ,গুমনামি এবং ফেলুদা ২০১৭-সহ নানা ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছিল। ২০১৯ সালে দেবতার গ্রাস ছবিতে তিনি কাজ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জীর সাথে এবং নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে—যা তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।
শুধু অভিনয় নয়, বাচিকশিল্পী হিসেবেও তাঁর খ্যাতি ছিল বিস্তৃত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করে সাহিত্য ও নাট্যচর্চার মাধ্যমে সংস্কৃতির জগতে প্রবেশ করেন। কর্মজীবনের শুরু স্কুল শিক্ষক হিসেবে হলেও পরবর্তীকালে ভয়েস-ওভার আর্টিস্ট এবং বিজ্ঞাপন জগতেও দীর্ঘ সময় কাজ করেন।
শেষপর্যন্ত অভিনয় ও আবৃত্তিকেই নিজের প্রধান পরিচয় হিসেবে গড়ে তুলেছিলেন বিপ্লব দাশগুপ্ত। তাঁর প্রয়াণে টলিপাড়া ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর কাজ ও কণ্ঠস্বর বাংলা সংস্কৃতির ভাণ্ডারে দীর্ঘদিন বেঁচে থাকবে।









