আমেরিকার প্রেসিডেন্টের উপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। রবিবার সকালে এই ঘটনার তীব্র নিন্দা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনও ধরনের হিংসার জায়গা নেই।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে মোদী জানান,ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ সংশ্লিষ্ট সকলেই নিরাপদে রয়েছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। একইসঙ্গে তিনি হামলার ঘটনার দ্ব্যর্থহীন নিন্দা করেন।
শনিবার রাতে ওয়াশিংটনের একটি নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই হামলার মুখে পড়েন ট্রাম্প। অনুষ্ঠানস্থল ছিল ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ মার্কিন নেতা ও আমলা। আচমকা এক যুবক বন্দুক নিয়ে হামলার চেষ্টা চালায় বলে জানা গেছে। যদিও দ্রুত তাকে গ্রেফতার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনার পর নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে ট্রাম্প জানান, তিনি ও তাঁর পরিবার সম্পূর্ণ নিরাপদে আছেন। অভিযুক্তের একটি ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে দেখা যায় তাকে মাটিতে শুইয়ে বেঁধে রাখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীও সেই প্রেক্ষিতেই বার্তা দিয়েছেন—হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, গণতন্ত্রের ভিত রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি।



