ইডি জেরার পর নুসরতের বার্তা: ‘অভিযোগের মাঝেই খুঁজছি শান্তি’, কটাক্ষ নিন্দুকদের দিকে

ইডি জেরার পর সোশ্যাল মিডিয়ায় নুসরত জাহানের ইঙ্গিতপূর্ণ পোস্ট—অভিযোগ-অপবাদের মাঝেই ‘সত্যের খোঁজে’ থাকার বার্তা, নিন্দুকদেরও সরাসরি চ্যালেঞ্জ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইডি-র জেরা, পুরনো দুর্নীতির অভিযোগ আর রাজনৈতিক উত্তাপ—সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নুসরত। টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কয়েক দিন কাটতেই তাঁর পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন—অভিযোগ আর অপবাদের মাঝামাঝি কোথাও তিনি শান্তি খুঁজছেন, যতক্ষণ না সত্য সামনে আসে।

প্রসঙ্গত, ফ্ল্যাট দুর্নীতি মামলায় গত সোমবার তাঁকে তলব করেছিল ই ডি। ভোটের আবহে বুধবার CGO Complex-এ গিয়ে দীর্ঘ সময় ধরে জেরার মুখে পড়েন অভিনেত্রী-প্রাক্তন সাংসদ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়—কখনও রেশন দুর্নীতির প্রসঙ্গ, কখনও ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’-এর আর্থিক অনিয়ম, আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়েও চলছে টানাটানি।

এই প্রেক্ষিতেই সম্প্রতি কয়েকটি গ্ল্যামারাস ছবি শেয়ার করে নুসরত লেখেন, “অভিযোগ আর অপবাদ—এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।” একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা—“এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।”

বিতর্ক যেন তাঁর জীবনের সঙ্গী—এমন মন্তব্য নতুন নয়। তবে ট্রোল বা সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি। বরাবরের মতোই এবারও নিজের শর্তেই প্রতিক্রিয়া জানালেন।

জানা গিয়েছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যে তদন্ত চলছে, তার সূত্রেই এই তলব। সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে তাঁর নাম উঠে আসে। তদন্তকারীদের দাবি, গত কয়েক মাসে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যার ভিত্তিতেই তাঁকে ডাকা হয়।

উল্লেখ্য, সেদিন জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন এড়িয়ে গিয়ে নুসরতের সংক্ষিপ্ত জবাব ছিল, “আপনারা খবর নিয়ে নিন।” সেই সংযত প্রতিক্রিয়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বার্তা যেন আরও ইঙ্গিতবহ হয়ে উঠল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর