নজরবন্দি ব্যুরোঃ হারা প্রার্থীর বিরুদ্ধে হারা প্রার্থী দিয়েছে বিজেপি, আমরা ফ্রেস প্রার্থী দিয়েছি! ভবানীপুর উপনির্বাচন নিয়ে মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সভার সাংসদ তথা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাশাপশি সাংসদ জানিয়ে দেন ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন কে কেন্দ্র করে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়ে তাঁর সওয়াল করবেন তিনি।
আরও পড়ুনঃ বাঘছাল পড়া বিড়াল যতই চ্যাঁচাক, ওটা হালুম নয় ম্যাঁও-ই শোনায়; শুভেন্দুকে কুণাল!


নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচন হওয়ার কথা। এই চারটি কেন্দ্রের ভোটের দিন এখনও ঘোষণা করেনি কমিশন। কিন্তু তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে দিন ঘোষণা করে দেওয়া হয়েছে উপ নির্বাচনের। যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে হয়েছে একটি জনস্বার্থ মামলা। মামলাটি করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
মামলাকারী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী আসলে মুখ্যসচিবকে ব্যবহার করেছেন ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন চেয়ে। মুখ্যসচিব শুধু একটি কেন্দ্রের জন্য চিঠি লেখেন কমিশনকে।” তাঁর দাবি, মুখ্যসচিব নির্দিষ্ট একজনকে জেতাতে চাইছেন। সায়ন বাবুর প্রশ্ন, কেন রাজ্যের মুখ্যসচিব কেবলমাত্র একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্যই ভোট চাইলেন? মুখ্যসচিবের কি সেই এক্তিয়ার রয়েছে?
হারা প্রার্থীর বিরুদ্ধে হারা প্রার্থী দিয়েছে বিজেপি, আমাদের জেতানো উচিতঃ বিকাশ রঞ্জন



ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে যে মামলা হয়েছে তা লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন তিনি উপনির্বাচন প্রসঙ্গে বলেন, হারা প্রার্থীর বিরুদ্ধে হারা প্রার্থী দিয়েছে বিজেপি, আমরা ফ্রেস প্রার্থী দিয়েছি! তাঁর কথায়, “কেন্দ্রে ও রাজ্যে মানুষের হয়ে আমাদের লড়াই। তাই পুলিশ রাজের বিরুদ্ধে ভবানীপুরের মানুষের উচিত আমাদের প্রার্থীকে জেতানো।”
মামলা নিয়ে মমতা কে কটাক্ষ করে তাঁর বক্তব্য, “কে এই বুদ্ধি দিল, এক ব্যক্তি ভোটে না লড়লে সাংবিধানিক সংকট হবে?” তিনি আরও যোগ করেন, “মুখ্যসচিব বললেন, আর নির্বাচন কমিশন তা গ্রহণ করল। আমার এক জুনিয়র আইনজীবী মামলা করেছেন। ওই মামলায় আমি সওয়াল করব।”







