বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, বঙ্গে বৃষ্টির ইঙ্গিত! দোলের আগেই বাড়বে গরমের দাপট

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা, একই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। দোলের আগেই গরমের দাপটের সতর্কবার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীত-গরমের টানাপোড়েনে অস্বস্তিতে বাংলা। ভোরে হালকা শীতের আমেজ, আর রাত বাড়তেই গরমের দাপট—এই দ্বিমুখী আবহাওয়াই এখন রাজ্যবাসীকে কার্যত বিভ্রান্ত করছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নতুন করে আবহাওয়ার সমীকরণ বদলাতে চলেছে। আবহবিদদের পূর্বাভাস, ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও মার্চের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ওডিশা সংলগ্ন এলাকা এবং ঝাড়গ্রামের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনার মাঝেই বাড়ছে গরমের ইঙ্গিত। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে বাড়বে দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রাও।

কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। বুধবারের মধ্যে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে চলতি বছরের দোল ও হোলি উৎসব গরমের মধ্যেই কাটতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত