নজরবন্দি ব্যুরোঃ ৯০% ভূমিপুত্র সংরক্ষণ চাই রাজ্যের যে কোন চাকরিতে! দাবি তুলল বাংলাপক্ষ। বিগত বেশ কিছু সময় ধরেই পশ্চিমবঙ্গে সমস্ত কর্মসংস্থানে ভূমিপুত্র সংরক্ষণের দাবি করে আসছে বাঙালী জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ। সমস্ত বেসরকারি চাকরি- ঠিকা কাজ- টেন্ডারে কমপক্ষে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে এবং রাজ্য সরকারি চাকরির সমস্ত পরীক্ষায় বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে এই দাবিকে সামনে রেখে এবার বৃহত্তর ভাবে আন্দোলনে নামতে চলেছে এই বাঙালী জাতীয়তাবাদী সংগঠন।
আরও পড়ুনঃ ডিসেম্বরেই আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। #BreakingNews


৯০% ভূমিপুত্র সংরক্ষণ চাই রাজ্যের যে কোন চাকরিতে! দাবি তুলল বাংলাপক্ষ। একটি প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,”বর্তমান ভারতীয় যুক্তরাষ্ট্রে প্রতিটা রাজ্যে মূল ইস্যু চাকরি-ঠিকা কাজ- টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ। করোনা পরিস্থিতিতে চাকরি ও কাজ সংকুচিত হচ্ছে, তাই ভূমিপুত্র সংরক্ষণ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রতিটা রাজ্যই তাদের রাজ্যের ছেলেমেয়ের স্বার্থ সুরক্ষিত করতে ভূমিপুত্র সংরক্ষণের পথে হাঁটছে।”
বাংলায় কর্মসংস্থান প্রসঙ্গে তারা বলেন,”সমস্ত পরিসংখ্যান বলে বাংলায় চাকরি আছে, বাঙালি সহ ভূমিপুত্রদের নেই। বাংলায় কাজ আছে ভূমিসন্তানদের নেই। বাংলায় ব্যবসা আছে, বাঙালির নেই। বাংলায় চাকরির নানা বিজ্ঞাপনে প্রকাশ্যে বাঙালিকে চাকরিতে না নেওয়ার কথা বলা হয়। বাংলায় বেকারত্ব কম, জিএসটি কালেকশন বেশি। কিন্তু এর সুফল ভূমিপুত্ররা পায় না।
বিহার, ইউপি, ঝাড়খন্ড ও অন্যান্য রাজ্যগুলো থেকে লাখে লাখে মানুষ বাংলায় এসে চাকরি-কাজ- এলাকা দখল করছে, বদলে যাচ্ছে জনবিন্যাস। অন্যদিকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য বাইরের রাজ্যে যেতে বাধ্য হচ্ছে এবং প্রতিনিয়ত হেনস্থার শিকার হয়। বাংলার ভূমিপুত্রদের স্বার্থে এরাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ সময়ের দাবি, বাস্তবতার দাবি। আমরা আশা রাখি মাননীয়া মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই বাংলায় সমস্ত চাকরি- ঠিকা কাজ ও টেন্ডারে কমপক্ষে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের জন্য আইন আনবেন।”


বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে কৌশিক মাইতি জানান,”ভূমিপুত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা তথ্যসহ তুলে ধরে বিধানসভায় আইন পাশের দাবি জানানো হবে বাংলার সকল বিধায়কের কাছেই। আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের কাছে দাবিপত্র জমা দেয় বাংলা পক্ষের জেলা নেতৃত্ব।”







