বলিউড থেকে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি—একই ছায়া, একই আতঙ্ক। দীর্ঘদিন ধরে অভিনেতা সলমন খান-কে প্রাণনাশের হুমকির পর এবার সেই হুমকির তালিকায় উঠে এল জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বি প্রাকের নাম। অভিযোগ, ১০ কোটি টাকা না দিলে ‘মাটিতে পুঁতে দেওয়া হবে’—এমন ভয়ংকর হুমকি ফোন পেয়েছেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই মোহালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, শুরু হয়েছে তদন্ত।
আইনশৃঙ্খলা সূত্রে জানা গিয়েছে, এই হুমকির নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই-এর ঘনিষ্ঠ মহল। গত দেড় বছর ধরে একের পর এক হুমকি দিয়ে সলমন খানকে নিশানা করার পাশাপাশি এই গোষ্ঠীর নাম জড়িয়েছে মহারাষ্ট্রের রাজনীতিক বাবা সিদ্দিকি খুন এবং পাঞ্জাবি তারকা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও। এবার সেই তালিকায় যুক্ত হল বি প্রাক।


‘তেরি মিট্টি’ (Kesari) কিংবা ‘সারি দুনিয়া জ্বালা দেঙ্গে’ (Animal)—সুফিয়ানা আবেশ আর পাঞ্জাবি সুরের মেলবন্ধনে একের পর এক হিট উপহার দিয়েছেন বি প্রাক। কিন্তু সাফল্যের শিখরে দাঁড়িয়েই এবার তাঁকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হল।
পুলিশ সূত্রে খবর, প্রথম হুমকি ফোনটি আসে গত ৫ জানুয়ারি বি প্রাকের সহকারী দিলনুরের ফোনে। সেদিন ফোনটি ধরা হয়নি। পরদিন একটি বিদেশি নম্বর থেকে আবার ফোন আসে। সেখানেই সরাসরি হুমকি দেওয়া হয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এরপরই মোহালি থানায় অভিযোগ দায়ের করা হয়।
কিন্তু তাতেও থামেনি হুমকিদাতারা। অভিযোগ অনুযায়ী, পরে দিলনুরের ফোনে একটি ভয়েস নোট পাঠানো হয়। সেই ভয়েস নোটে নিজেকে অর্জু বিশ্নোই বলে পরিচয় দিয়ে বলা হয়,
“এই বার্তাটা বি প্রাককে পৌঁছে দেবেন। ওঁর কাছে এক সপ্তাহ সময় আছে। আমাদের ১০ কোটি টাকা চাই। সেই সঙ্গে ওঁকে বলে দিন, দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে।”


এই ঘটনায় গায়ক নিজে মোহালি পুলিশের এসপি-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হুমকির উৎস ও অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে।
একাধিক তারকা ও শিল্পীকে পরপর হুমকির ঘটনায় ফের প্রশ্ন উঠছে—তারকাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? সলমনের পর এবার বি প্রাক—এই ধারাবাহিক আতঙ্ক যে শুধু বিনোদন জগতের নয়, তা স্পষ্ট করছে এই ঘটনা।







